নীলাম্বরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আমলকীগাছে পুরুষ নীলাম্বরি পাখি l ছবি: লেখক
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আমলকীগাছে পুরুষ নীলাম্বরি পাখি l ছবি: লেখক

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণি চিকিৎসা ও প্রাণিসম্পদ অনুষদের কাছে আমলকী বাগানের পাশ দিয়ে হাঁটছিলাম। গাছভর্তি পাকা আমলকী। বাগানে সারিবদ্ধভাবে আমলকীগাছ লাগানো। প্রতিটি সারির মাঝে সবজির বাগান। গাছের নিচে মাটিতে তিলা ঘুঘু, লাল ঘুঘু, সাতভাই, জলপাইপিঠ তুলিকা, নীলটুনি প্রভৃতি পাখির আনাগোনা। মনের আনন্দে ওদের ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। এমন সময় হঠাৎ নীলচে-সবুজ এক পাখি এসে একটি আমলকীগাছের মগডালে বসল। পাখিটিকে আগে কখনো দেখিনি। কাজলটানা চোখের মায়াময় পাখিটি দেখতে ভারি সুন্দর।
আমলকীগাছের মগডালে চুপচাপ বেশ কিছুক্ষণ বসে ছিল পাখিটি। কিন্তু হঠাৎ করেই উড়াল দিল। খানিক পরেই সে ফেরত এল। একটুও কালক্ষেপণ না করে চটজলদি কটা ছবি তুললাম। এরপর বেশ কয়েকবার ও এল-গেল। লক্ষ করলাম, এভাবে উড়ে গিয়ে সে পোকা শিকার করছে। শিকার শেষে আবার গাছের ডালে ফেরত আসছে। ২০১১ সালের জানুয়ারি মাসের ঘটনা এটি। তবে এরপর থেকে প্রতিবছরই অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ওকে দেখছি এই আমলকীর বাগানে। গাজীপুর ছাড়াও ঢাকা, সুন্দরবন, রাজশাহী, কাপ্তাই, লাউয়াছড়া, সাতছড়ি প্রভৃতি স্থানেও বহুবার দেখেছি এই পাখি।
নীল-সবুজ পালকে আচ্ছাদিত অতি সুন্দর পরিযায়ী পাখিটির নাম নীলাম্বরি (Verditer Flycatcher বা Asian Verditer Flycatcher)। নীল-কটকটিয়া, নীল চটক, আকাশি চটক বা অম্বর চটক নামেও পরিচিত। Muscicapidae গোত্রের সচরাচর দৃশ্যমান পাখিটির বৈজ্ঞানিক নাম Eumyias thalassina.
নীলাম্বরি দৈর্ঘ্যে ১৫-১৭ সেন্টিমিটার এবং ওজনে মাত্র ১৫-২০ গ্রাম। পুরুষ পাখির পুরো দেহ নীল-সবুজ বা ফিরোজা-নীল। মাথা ও গলা উজ্জ্বল নীল। ডানা ও লেজ গাঢ় নীল। লেজ লম্বা। চোখে যেন কাজল দেওয়া এবং চোখের সামনের অংশ কালচে। লেজের তলা ধূসর। পুরুষের তুলনায় স্ত্রী বেশ মলিন। তবে উভয়েরই চোখ কালচে-বাদামি এবং ঠোঁট, পা, পায়ের পাতা ও নখ কুচকুচে কালো। মুখের চামড়া হলদে-গোলাপি। অল্পবয়স্ক পাখির পিঠ বাদামি-ধূসর ও বুক-পেট বাদামি তিলযুক্ত।
নীলাম্বরি মূলত হিমালয়ের বাসিন্দা। এ ছাড়াও ভারতের অন্যান্য অংশ, পাকিস্তান, নেপাল, ভুটান, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাস করে। মুক্ত বন, বনের ধার, বাগান, চষাজমি, গরান বন, জলাধারের পাশের ঝোঁপ ইত্যাদি জায়গায় বিচরণ করে। শীতে এ দেশের প্রায় সব বিভাগেই দেখা মেলে। এরা বেশ আমুদে পাখি। সচরাচর একাকী ও প্রজনন মৌসুমে জোড়ায় থাকে। পতঙ্গভোজী পাখিটি মূলত উড়ে উড়ে কীটপতঙ্গ শিকার করতে পছন্দ করে।
এপ্রিল থেকে আগস্ট প্রজননকাল। এ সময় এদের মূল আবাসস্থানের কোনো গাছের ফাঁক-ফোকর, দেয়ালের ফাটল বা পুরোনো গাছের মধ্যে গজানো শৈবাল-পূর্ণাঙ্গ ( Moss-Fern) ঝাড়ে পেয়ালা আকারের বাসা বানায়। বাসার ভেতরটায় ক্ষুদ্র শিকড় ও শুকনো ঘাস দিয়ে গদি বানায়। স্ত্রী পাখি তিন থেকে পাঁচটি হালকা গোলাপি বা দুধের সর রঙা ডিম পাড়ে। বাসা বানানো, ডিমে তা দেওয়া ও বাচ্চা লালন-পালন স্ত্রী-পুরুষ দুজনে মিলেই করে। তবে ডিম থেকে ঠিক কত দিনে বাচ্চা ফোটে তা জানা যায়নি।