নুনেরটেক গ্রামের ৭০টি পরিবারকে ত্রাণ-সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে গতকাল ত্রাণ বিতরণ করে উপজেলা প্রশাসন l ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে গতকাল ত্রাণ বিতরণ করে উপজেলা প্রশাসন l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক গ্রামের অসহায় ৭০টি পরিবারকে গতকাল মঙ্গলবার ত্রাণ-সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। মেঘনা নদীতে ভাঙনের কারণে এসব পরিবারের বাড়িঘর বিলীন হয়ে যায়।
গ্রামবাসী জানান, উপজেলার বারদি ইউনিয়নের মেঘনাবেষ্টিত নুনেরটেক গ্রামে গত ১৫ দিনে নদীভাঙনে ৬০টি পরিবারের বাড়িঘর বিলীন হয়ে গেছে। পাশাপাশি ৭০টি পরিবারের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়া পরিবারগুলোর সদস্যদের মাঝে গতকাল দুপুরে চাল, ডাল, চিড়া-মুড়ি, তেল, মোমবাতি, চিনি ও লবণ বিতরণ করা হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) পক্ষে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন বারদি ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ওয়ার্ডের সদস্য লোকমান মিয়া ও নুনেরটেক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজালাল।
ত্রাণসামগ্রী পেয়ে গ্রামের বাসিন্দা কামিনা বেগম, নাগর আলী ও আবদুল মজিদ বলেন, কয়েক দিন ধরে তাঁরা অর্ধাহারে-অনাহারে ছিলেন। এই ত্রাণ পেয়ে কিছুটা হলেও তাঁদের উপকার হলো।
ইউএনও আবু নাছের ভূঞা বলেন, প্রাথমিকভাবে ওই গ্রামের ৭০টি পরিবারের মাঝে কিছু ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রামটির অসহায় মানুষকে আরও সহায়তা করা হবে।
নুনেরটেক গ্রামের বাসিন্দাদের দুরবস্থা নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘৬০ পরিবারের বাড়িঘর বিলীন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।