নুর মোহাম্মদের রিমান্ড আদেশ স্থগিত
চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন শনাক্তের মামলার এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড আদেশ স্থগিত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন।
র্যাবের আবেদনের প্রেক্ষিতে গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামি নুর মোহাম্মদের পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল ও স্থগিত রাখার আবেদন করেন মহানগর দায়রা জজ আদালতে। শুনানি শেষে আদালত আগামী বুধবার পর্যন্ত তিন দিনের রিমান্ড আদেশ স্থগিত রাখেন। ওই দিন রিমান্ড বাতিলের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।
আসামির আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল শুনানিতে আদালতকে জানান, র্যাব তিন দিনের রিমান্ডের আবেদন করেছে। আর আদালতও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃদ্ধ আসামি নুর মোহাম্মদ শারীরিকভাবেও অসুস্থ। তাঁর প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের নামে সূর্যমুখী তেল আমদানির এলসি (ঋণপত্র) খোলা হয়নি। এই মামলার তদন্তে গোয়েন্দা পুলিশ (ডিবি) নুর মোহাম্মদের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁকে মামলাটি থেকে অব্যাহতি দেন। তাই তাঁর রিমান্ড আদেশ বাতিল করা হোক। কোনো আদেশ না হওয়া পর্যন্ত আদেশটি স্থগিত রাখা হোক।
গত বছরের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের এই চালানটি উরুগুয়ের মন্টিভিডিও বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয় গত বছরের ১২ মে। চট্টগ্রামের খাতুনগঞ্জের খান জাহান আলী লিমিটেডের নামে চালানটি আনা হয়। চালানটি ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুর মোহাম্মদ দাবি করেন, কেউ তাঁর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে। এই পণ্য আমদানির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই।
আমদানি করা তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে গত বছরের ২৭ জুন একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত করে।
কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২৭ জুন নুর মোহাম্মদসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে ১৯ নভেম্বর গোয়েন্দা পুলিশ এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদকে বাদ দিয়ে লন্ডনপ্রবাসী দুই বাংলাদেশিসহ আটজনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ৭ ডিসেম্বর আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।