নুর মোহাম্মদের রিমান্ড শুনানিতে তদন্ত কর্মকর্তাকে তলব
চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন শনাক্তের মামলার এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদের দ্বিতীয় দফায় রিমান্ড আবেদনের শুনানিতে তদন্ত কর্মকর্তাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, আসামি নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করতে দ্বিতীয় দফায় র্যাব তিন দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত রিমান্ড শুনানি না করে আগামী ১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকীর উপস্থিতিতে শুনানির তারিখ ধার্য রাখেন।
১৫ জানুয়ারি আসামি নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে র্যাব-৭। পরে তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত শনিবার তাঁকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ডের আবেদন করে র্যাব। আদালত সোমবার শুনানির দিন ধার্য রাখেন। কিন্তু আজ শুনানি না করে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে পরবর্তী শুনানির দিন ধার্য রাখেন।
গত বছরের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের এ চালানটি উরুগুয়ের মন্টিভিডিও বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয় গত ১২ মে। চট্টগ্রামের খাতুনগঞ্জের খানজাহান আলী লিমিটেডের নামে চালানটি আনা হয়। চালানটি ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নূর মোহাম্মদ দাবি করেন, কেউ তাঁর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে। এই পণ্য আমদানির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই।
আমদানি করা তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে গত বছরের ২৭ জুন একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত করে। কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২৭ জুন নূর মোহাম্মদসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে ১৯ নভেম্বর গোয়েন্দা পুলিশ এজাহারভুক্ত আসামি নূর মোহাম্মদকে বাদ দিয়ে লন্ডনপ্রবাসী দুই বাংলাদেশিসহ আটজনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ৭ ডিসেম্বর আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।