নুরুন্নবীর সহযোগী মাজহারুল আরও তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম আহমেদ হত্যা মামলায় ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরীর সহযোগী যুবলীগের নেতা মাজহারুল ইসলামকে গতকাল মঙ্গলবার আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।তিন দিনের রিমান্ড শেষে সিআইডি গতকাল মাজহারুল ইসলামকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করে। ঢাকা মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২৩ সেপ্টেম্বর রাতে ইব্রাহিম হত্যা মামলায় মাজহারুলকে গ্রেপ্তার করা হয়। নুরুন্নবীর লাইসেন্স করা পিস্তলের গুলিতে গত ১৩ আগস্ট রাতে ইব্রাহিম নিহত হন। ইব্রাহিম নিহত হওয়ার পর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ না করে রাতেই সাংসদের গাড়িচালক আবুল কালাম ওরফে কালা বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। তদন্তে পুলিশ ইব্রাহিমের খুন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। কিন্তু খুনের ঘটনা ধামাচাপা দিতে গাড়িচালক অপমৃত্যুর মামলা করেন। গত ৩০ আগস্ট সাংসদের গাড়িচালক কামাল হোসেন ও ব্যক্তিগত সহকারী সোহেলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যার কথা স্বীকার করেন। ২ সেপ্টেম্বর আবার ইব্রাহিমের স্বজনদের না জানিয়ে গোয়েন্দা পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করে। এর আগে গত ১৮ আগস্ট ইব্রাহিমের ছোট ভাই মাসুম আহমেদ বাদী হয়ে সাংসদ নুরুন্নবীসহ আটজনের নাম উল্লেখ করে আদালতে একটি হত্যা মামলা করেন। তবে আদালত ওই মামলার ব্যাপারে এখনো কোনো নির্দেশনা দেননি।