নুরুল ইসলাম মৃত্যুরহস্য দ্রুতই উদ্ঘাটনের আশ্বাস পুলিশের
কী কারণে নুরুল ইসলাম খুন হয়েছেন, সে সম্পর্কে পুলিশ এখন মোটামুটি নিশ্চিত। আজ-কালের মধ্যে তারা খুনের কারণ বলতে পারবে বলে জানিয়েছে। নিউমার্কেট থানার ওসি আতিকুর রহমান গতকাল বলেন, ‘তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে। দু-এক দিনের মধ্যেই হত্যারহস্য সম্পর্কে জানা যাবে বলে মনে করছি।’ তিনি আরও জানান, এখন পর্যন্ত সন্দেহের তালিকায় নতুন করে কারও নাম যুক্ত হয়নি। এ ঘটনায় সন্দেহভাজনেরা হলেন নুরুল ইসলামের স্ত্রী নুরানী আক্তার, তাঁর বন্ধু কবি ও সাবেক কাস্টমস কমিশনার শাহাবুদ্দিন নাগরী এবং নিহত ব্যক্তির গাড়িচালক মো. সেলিম।
এলিফ্যান্ট রোডে ওই অ্যাপার্টমেন্ট ভবনের ব্যবস্থাপক বাবু কুমার স্বর্ণকার বলেন, নুরুল ইসলাম ও নুরানী আক্তার দম্পতির বাড়িতে শাহাবুদ্দিন নাগরী ছাড়া আর কেউ আসতেন না। এক বছর আগে ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার পর প্রথমে নুরানী আক্তারের ভাই, তাঁর স্ত্রী ও সন্তান নিয়ে বেড়াতে এসেছিলেন। তাঁরা চলে যাওয়ার পর আসেন নুরানীর এক বোন। তিনিও কয়েক দিন থেকে চলে যান। এর বাইরে আর কেউ কখনো ওই বাড়িতে আসেননি। আর অ্যাপার্টমেন্ট সমিতির নিয়ম অনুযায়ী খাতায় নাম না লিখে বহিরাগত কেউ বাসায় ঢুকতে পারেন না। তিনি নিশ্চিত ওই বাড়িতে শাহাবুদ্দিন নাগরী ছাড়া তৃতীয় কোনো অতিথি আসতেন না।
নুরুল ইসলামের বোন হাসনা আক্তার কুমকুম জানান, জিজ্ঞাসাবাদে গাড়িচালক তাঁদের জানান, রাত ১০টার পর নুরানী আক্তার বাগেরহাটের রামপালে তাঁর বোন রূপালী আক্তারকে ফোন করে গাড়িচালককে বাসায় পাঠাতে বলেন। রূপালী তখন মো. সেলিমকে ফোন করে ওপরে যেতে বলেন। নুরুল ইসলামের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখে তিনি মিনিট দশেকের মাথায় নিচে নেমে আসেন ও বাবু কুমার স্বর্ণকারকে সব বলেন। তখন বাবু ভবনের এক চিকিৎসককে নিয়ে নুরুল ইসলামদের বাসায় যান। বাবু কুমার স্বর্ণকারকে দেখে নুরানী বলেন, তাঁর স্বামী খাট থেকে পড়ে মারা গেছেন। কী করে খাট থেকে পড়লেন জানতে চাইলে নুরানী বলেন, তাঁর স্বামী বেশ কিছুদিন ধরেই অসুস্থ।
বাবু বলেন, ১২ এপ্রিল রাত ১০টার পর মো. সেলিমকে নিয়ে নুরুল ইসলাম বাইরে বেরিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি ফেরেন ও বাইরে থেকে খাবার আনার জন্য মো. সেলিমকে টাকা দেন। কোথাও কোনো দোকানপাট খোলা না পেয়ে সেলিম ফিরে আসেন। ১৩ এপ্রিল সারা দিনই তিনি আর ওপরে যাননি। নুরুল ইসলাম ও নুরানী আক্তারও বাড়ি থেকে বের হননি। শাহাবুদ্দিন নাগরী ওই দিন ছিলেন তাঁদের একমাত্র অতিথি।