ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষার্থী মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ডের বৃত্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের এ বৃত্তি দেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্তরা হলেন ফিন্যান্স বিভাগের ছাত্র মো. রোবেল হোসেন, ফার্মেসি বিভাগের ছাত্র এম সাজ্জাদুল ইসলাম, মার্কেটিং বিভাগের ছাত্রী পদ্মশ্রী রায়, অর্থনীতি বিভাগের ছাত্র মির্জা আশরাফুল আলম ও সিকদার হাসিব রেজা। তাঁদের এককালীন চার হাজার টাকা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রয়াত রাজনীতিবিদ নুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পরও তাঁর ভাগ্যকে বিশ্ববিদ্যালয়ের হতদরিদ্র চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ভাগ্যের সঙ্গে একীভূত করেছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, নুরুল ইসলামের সহধর্মিণী ও সাংসদ কবি রুবী রহমান প্রমুখ বক্তব্য দেন।
২০০৮ সালের ৩ ডিসেম্বর লালমাটিয়ার বাসায় রহস্যজনক অগ্নিকাণ্ডে মারা যান নুরুল ইসলাম এবং তাঁর ছেলে ইসলাম তমোহর।