নুরুল ইসলাম হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়া ব্যর্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজ বাসায় রহস্যজনক আগুনে পুড়ে ছেলেসহ গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের মৃত্যুর ঘটনার রহস্য পাঁচ বছরেও উদ্ঘাটিত না হওয়াটা সরকারের ব্যর্থতা।
নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) আয়োজিত স্মরণসভায় বক্তারা এ মন্তব্য করেন। বক্তারা এই বর্বরোচিত ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
২০০৮ সালের ৩ ডিসেম্বর রাজধানীর লালমাটিয়ার বাসায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম ও তাঁর ছেলে তমোহর ইসলাম রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ সময় বাসায় অন্য কেউ ছিল না। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়। এটি চাঞ্চল্যকর মামলা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে অন্তর্ভুক্ত করা হলেও আজ পর্যন্ত ঘটনার রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, নুরুল ইসলাম আজীবন শ্রমজীবী মানুষের জন্য লড়াই করে গেছেন। মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এ জন্য তিনি মৌলবাদীদের লক্ষ্যবস্তু ছিলেন। তিনি বলেন, পাঁচ বছরেও নুরুল ইসলাম হত্যার রহস্য উদ্ঘাটন না হওয়া বা কেউ গ্রেপ্তার না হওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে অভিহিত করেন।
ইনসাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন নুরুল ইসলামের স্ত্রী কবি রুবী রহমান, মেয়ে মৌটুসি ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান প্রমুখ।