নুরুল ইসলামের মৃত্যু পরিকল্পিত হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলামের মৃত্যু নিছক কোনো দুর্ঘটনা নয়। তাঁকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।নুরুল ইসলাম হত্যার বিচারের দাবিতে গতকাল শুক্রবার মানববন্ধন ও আলোক প্রজ্বালন অনুষ্ঠানে সৈয়দ আশরাফ এ কথা বলেছেন। একই অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, নুরুল ইসলামের মৃত্যুকে কেউই স্বাভাবিক মৃত্যু বলে মনে করেন না, হত্যাকাণ্ড মনে করেন। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে যে রহস্যের সৃষ্টি হয়েছে, তা উদ্ঘাটন এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। গতকাল সন্ধ্যায় লালমাটিয়ার স্বপ্নপুরী হাউজিং কমপ্লেক্স প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নুরুল ইসলাম হত্যার বিচারের দাবিতে গঠিত নাগরিক কমিটি। কমিটির আহ্বায়ক অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। মোমবাতির প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দ আশরাফুল ইসলাম। মানববন্ধনে শিক্ষাবিদ, রাজনীতিক, বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব ও নারী সংগঠনের প্রতিনিধিসহ বিশিষ্টজনেরা অংশ নেন। তাঁরা নুরুল ইসলাম ও তাঁর একমাত্র ছেলে ইসলাম তমোহরের হত্যার বিচারের দাবির প্রতি সংহতি জানান। প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, ১৪ দলীয় জোটের প্রতিষ্ঠাতা গণতন্ত্রী পার্টির তৎকালীন সভাপতি নুরুল ইসলামকে এমন এক সময়ে হত্যা করা হয়, যখন তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বলেন, ‘তাঁর হত্যাকাণ্ডের তদন্তের কাজে বিলম্ব দেখে আমরা হতাশ। সরকারে থাকি বা বিরোধী দলেই, নুরুল ইসলাম ভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত বিচার দাবি করে যাব। বিচার আমরা আদায় করে নেব।’সৈয়দ আশরাফ বলেন, নুরুল ইসলাম ও তাঁর ছেলে হত্যা মামলার অগ্রগতি বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে পরামর্শ করেছেন। তদন্তে নতুন কিছু আলামত উদ্ধার হয়েছে। নাগরিক কমিটির সদস্য-সচিব ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘দুই বছর ধরে সিআইডি তদন্ত করে যাচ্ছে। কিন্তু সরকারের উচ্চপর্যায় থেকে আমাদের জানানো হয়েছে, সিআইডি নাকি হত্যাকাণ্ডের কোনো আলামত পায়নি। যে কারণে হতাশ হয়ে পড়েছিলাম। আজ মন্ত্রীর কথা শুনে নতুন করে আশ্বস্ত হলাম।’মামলার তদন্তকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন প্রয়াত নুরুল ইসলামের স্ত্রী সাংসদ রুবী রহমান। তিনি বলেন, এ দেশ যাতে সভ্য দেশ হয়, সে জন্যই এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ আশরাফুন্নেসা মোশাররফ, সাংসদ সানজিদা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ওয়াজেদুল ইসলাম, প্রয়াত নুরুল ইসলামের মেয়ে মৌটুসী ইসলাম প্রমুখ।