নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি নুরুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের এই দিনে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে নিজ বাসায় মারা যান তিনি। একই সঙ্গে প্রাণ হারান তাঁর ছেলে তমোহর ইসলামও। এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করে আসছে পরিবার।
গণতন্ত্রী পার্টির সভাপতি মোহাম্মদ আফজাল ও সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম গতকাল বুধবার এক বিবৃতিতে নুরুল ইসলাম ও তাঁর ছেলেকে হত্যার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তাঁরা বলেন, অর্ধ যুগের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো তাঁদের হত্যার বিচার হয়নি।
ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণতন্ত্রী পার্টি আজ সকাল আটটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নুরুল ইসলাম ও তমোহর ইসলামের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। একই দিনে দেশের সব জেলা-উপজেলায় দলটি মানববন্ধন ও সমাবেশ করবে। কাল শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পথসভার কর্মসূচি দিয়েছে দলটি।
এ ছাড়া বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র আজ বিকেল চারটায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক স্মরণসভার আয়োজন করেছে।