খুনের ঘটনা স্বীকার করেননি শাহাবুদ্দিন নাগরী ও নুরানী বেগম
নুরুল ইসলামের মৃত্যুর কারণ জানা গেল না দুই সপ্তাহেও
নুরানী আক্তার ওরফে সুমি ও তাঁর বন্ধু সাহিত্যিক শাহাবুদ্দিন নাগরীকে আবারও রিমান্ডে চায় পুলিশ। নুরুল ইসলামের সন্দেহজনক মৃত্যুর সঙ্গে এই দুই প্রধান আসামির কেউই তাঁদের সম্পৃক্ততার কথা গতকাল শনিবার পর্যন্ত স্বীকার করেননি। এ অবস্থায় মামলাটি নিউমার্কেট থানা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
ডিবির অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ বলেছেন, তাঁরা আসামিদের সঙ্গে কথা বলবেন। তদন্তের কাজ শুরু করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নুরুল ইসলাম খুন হয়েছেন, না আত্মহত্যা করেছেন, সে বিষয়ে তাঁরা এখনো নিশ্চিত নন। মৃত্যুর ১৬ দিন পরও পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পায়নি।
গত ১৩ এপ্রিল এলিফ্যান্ট রোডের একটি অ্যাপার্টমেন্ট ভবনের চতুর্থ তলা থেকে নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধার করা হয়। তাঁর বোন শাহানা রহমান কাজল এক দিন পর নিউমার্কেট থানায় মামলা করেন। মামলার এজাহারে তিনি বলেন, তাঁর ভাইকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে নুরুল ইসলামের লাশের ময়নাতদন্ত হয়।
নিউমার্কেট থানা দুই সপ্তাহ তদন্ত করার পর মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলো কেন, জানতে চাইলে রমনা জোনের উপকমিশনার মারুফ হোসেন সর্দার বলেন, ‘আমরা মনে করছি ডিবির পক্ষে তদন্ত করাটা সহজ হবে। কারণ থানা-পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়।’ পুলিশ সূত্র বলছে, এজাহারভুক্ত ওই দুই আসামি জিজ্ঞাসাবাদে অনেক তথ্য চেপে গেছেন। ওই দুজনকে ১৭ এপ্রিল প্রথম দফায় এবং ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে নুরানী আক্তার ও শাহাবুদ্দিন নাগরীকে কারাগারে পাঠানো হয়।
মামলার বাদী নুরুল ইসলামের বোন শাহানা রহমান গতকাল প্রথম আলোকে বলেন, তদন্তের অগ্রগতি সম্পর্কে তাঁরা কিছু জানেন না। মামলা দায়েরের পর তাঁদের সঙ্গে পুলিশের আর কথা হয়নি।
নুরানী আক্তার ও নুরুল ইসলাম যে ফ্ল্যাটটিতে থাকতেন সেটির ভাড়া দিতেন শাহাবুদ্দিন নাগরী। তিনি ঘটনার দিনও ওই ফ্ল্যাটে চার ঘণ্টা ছিলেন।