নুরুল ইসলামের স্মৃতিস্তম্ভ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে নুরুল ইসলামের স্মৃতিস্তম্ভ ভেঙে দেওয়ার ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। সদর থানার পুলিশ দাবি করেছে, এ ঘটনায় তাদের কাছে অভিযোগ দেয়নি বলে ব্যবস্থা নেওয়া হয়নি।জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে থানার সামনে অবস্থিত জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিপি নুরুল ইসলামের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর পৌরসভার পানি সরবরাহ বিভাগের কর্মচারী সৈনিক লীগের কর্মী ইয়াসিন সওদাগর ওরফে ফিরোজের নেতৃত্বে পাঁচ-ছয়জন ওই স্মৃতিস্তম্ভে সংরক্ষিত নুরুল ইসলামের খোদাই করা ছবিটি ভাঙচুর করে।জানা গেছে, ফিরোজ লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত। তাহের এবার মেয়র নির্বাচিত হওয়ার পর তাঁকে পৌরসভায় চাকরি দেন।স্মৃতিস্তম্ভ ভাঙার কারণ জানতে চেয়ে শুক্রবার রাতে ফিরোজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গালাগাল করে লাইন কেটে দেন।লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ের একটি সূত্র জানায়, ২০০৪ সালে স্থানীয় বিএনপিদলীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন। পৌরসভার অর্থায়নে তখন প্রায় তিন লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়।স্থানীয় বিএনপি সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে এ এইচ এম বিপ্লব কারাগার থেকে বের হওয়ার আগেই নুরুল ইসলামের স্মৃতিস্তম্ভ ভেঙে আবারও আতঙ্কের সৃষ্টি করেছে এ বাহিনী। এভাবে চলতে থাকলে লক্ষ্মীপুরের মানুষ আগের মতো বিপ্লব বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়বে।স্থানীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী বলেন, যারা নুরুল ইসলামকে হত্যা করেছে, তারাই রাতের আঁধারে স্মৃতিস্তম্ভ ভেঙে দিয়েছে। তারা আবার লক্ষ্মীপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।নুরুল ইসলামের ছোট ভাই তাজুল ইসলাম বলেন, আবু তাহের, তাঁর ছেলে বিপ্লব এবং তাঁদের সন্ত্রাসী বাহিনী তাঁর ভাইকে নির্মমভাবে খুন করেছে। বিগত সরকারের আমলে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে তাঁর ভাইয়ের স্মৃতিরক্ষায় থানার সামনে তমিজ মার্কেট চত্বরে নুরুল ইসলাম স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়। সন্ত্রাসী বাহিনী এত হিংস্র যে নুরুল ইসলামের ছবিটিও তারা বরদাশত করতে পারছে না।যোগাযোগ করা হলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছারোয়ার হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে আমি এখন ছুটিতে আছি।’ থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) এনামুল হক দাবি করেন, কেউ কোনো অভিযোগ করেনি। তাই এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের সঙ্গে কথা বলতে তাঁর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে প্যানেল মেয়র কামাল উদ্দিন বলেন, ‘পৌরসভা কার্যালয় আজ (শনিবার) বন্ধ। তা ছাড়া স্মৃতিস্তম্ভ ভাঙার খবরও আমরা শুনিনি।’শহরে ছাত্রদলের মিছিল: নুরুল ইসলামের খুনিদের ফাঁসির দাবিতে জেলা শহরে ছাত্রদলের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে একটি মিছিল বের করা হয়। পুলিশি পাহারায় লক্ষ্মীপুরের চকবাজার মসজিদ থেকে মিছিল শুরু হয়ে দক্ষিণ তেমুনীতে গিয়ে শেষ হয়।মিছিল শেষে বক্তারা বলেন, নুুরুল ইসলামের খুনিদের রাষ্ট্রপতি ক্ষমা করলেও লক্ষ্মীপুরের জনগণ ক্ষমা করবে না। তাঁরা সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির সুদৃষ্টি কামনা করেন। সভায় বক্তৃতা করেন জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ফয়েজ আহমদ, ইব্রাহীম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।