নুরুল ইসলামের হত্যার বিষয়টি ফাইলবন্দী হয়ে থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘দেশের তদন্ত অবস্থা সম্পর্কে জানি। তা রাতারাতি পাল্টে যাবে না। তার পরও বলছি, অন্যান্য হত্যার মতো নুরুল ইসলামের হত্যার বিষয়টি চাপা পড়বে না। ফাইলবন্দী হয়ে থাকবে না। হাল ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না।’গতকাল শুক্রবার গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি নুরুল ইসলামের ৬৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে ‘জননেতা নুরুল ইসলাম স্মরণে নাগরিক কমিটি’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মাহফুজা খানম। অনুষ্ঠানে নুরুল ইসলাম হত্যার পুনঃতদন্ত এবং সুবিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।মতিয়া চৌধুরী বলেন, ‘আগুনে ঘরের সিলিং পুড়ল, নুরুল ইসলাম বা তাঁর ছেলের কাপড় পুড়ল না। কিন্তু তাঁদের ভেতরের শ্বাসনালি পুড়ে গেল। কেমিক্যাল ও স্থানিক ধারণা ছাড়া এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়। যে বা যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা বুঝে-শুনে, হিসাব কষেই করেছে।’ তিনি বলেন, নুরুল ইসলাম ও তাঁর ছেলে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন, কিন্তু নুরুল ইসলামের স্ত্রী ও মেয়ে সারাক্ষণ দগ্ধ হচ্ছেন, ক্ষতবিক্ষত হচ্ছেন। নুরুল ইসলামের স্ত্রী কবি রুবি রহমান মিলনায়তনে দর্শক সারিতে বসে ছিলেন। তিনি সারাক্ষণ নীরবে চোখের পানি ফেলেছেন। নাগরিক কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘আমাদের নিজেদের প্রয়োজনে এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য নুরুল ইসলামকে বারবার স্মরণ করতে হবে এবং তাঁর আদর্শ অনুসরণ করতে হবে।’ তিনি বলেন, ‘নুরুল ইসলামকে ঋণখেলাপি হিসেবে মিথ্যা অপবাদ দেওয়া হয়। নিজে এ ঘটনার তদন্ত করে দেখেছি, সোনালী ব্যাংকে তাঁর কোনো অ্যাকাউন্টই ছিল না।’আওয়ামী লীগের নেতা সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কিছু মানুষ নির্বাচনে নুরুল ইসলামের মনোনয়ন মেনে নিতে পারেনি। তাই এ হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের বিচারে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, মামলার দ্রুত অভিযোগপত্র পাওয়ার জন্য নিজেদেরও বিভিন্ন সাক্ষী নিয়ে এগিয়ে যেতে হবে।ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, ট্রেড ইউনিয়ন নেতা নুরুল ইসলাম মারা যাওয়ার আগে এ ঘটনার পেছনে জঙ্গি-সংশ্লিষ্টতার কথা স্পষ্ট করেই বলেছেন। কিন্তু মামলার তদন্তে এ বক্তব্যকে আমলে নেওয়া হয়নি। সরকার এ বিষয়ে এখনো সদুত্তর দেয়নি। নুরুল ইসলাম হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হলে এ ঘটনা আরও হত্যাকাণ্ড ঘটানোর ক্ষেত্রকে উৎসাহিত করবে।জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদী চক্র পিছু হটছে মাত্র, কিন্তু যেকোনো মুহূর্তে ছোবল মারতে পারে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমিকনেতা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কচি-কাঁচা মেলার উপদেষ্টা শামসুল হুদা। ২০০৮ সালের ৪ ডিসেম্বর নুরুল ইসলাম ও তাঁর ছেলে ইসলাম তমোহর মোহাম্মদপুরে নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডে মারা যান। তদন্ত প্রতিবেদনে রহস্যজনক এ অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্টসার্কিটের জন্য হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর পরিবার ও গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে ওই প্রতিবেদনের ব্যাপারে দ্বিমত পোষণ করে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে।