নুশরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

গাজীপুরের গৃহবধূ নুশরাত জাহান টুম্পা হত্যার প্রতিবাদে এবং এই ঘটনায় অভিযুক্ত তাঁর স্বামী গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর সোলায়মান মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার কোনাবাড়ী-কাশিমপুর সড়কে মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় নুশরাত জাহানের বাবা নজরুল ইসলাম বলেন, বিয়ের কয়েক বছর পর থেকেই সোলায়মান তাঁর মেয়েকে নানাভাবে নির্যাতন করে আসছিলেন। তবু একমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে মেয়ে (নুশরাত) সংসার করে আসছিলেন। কাউন্সিলর সোলায়মানকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
মানববন্ধনে সিটি করপোরেশনের কাউন্সিলর শফিকুল আমিন, আজাহারুল ইসলাম মোল্লা, মো. খলিলুর রহমান, মো. আব্বাছ উদ্দিন, শাহনাজ পারভিন, মাহমুদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
মানববন্ধন চলাকালে নুশরাতের বাবা-মা ও একমাত্র ছেলে নির্জন ইসলাম (৮) কান্নায় ভেঙে পড়েন। এ সময় নাফি বলে, তার বাবা প্রায়ই তার মাকে মারধর করতেন। ওই সময় সে তার মায়ের কাছে গেলে তার বাবা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতেন।
গাজীপুর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান মিয়া স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাসায় কয়েক বছর ধরে বসবাস করছিলেন।