নুসরাত জানে তার মা হাসপাতালে

ছোট্ট নুসরাত সামিয়া (৫) জানে তার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। তার স্কুলপড়ুয়া দুই ভাই মায়ের জন্য কান্নাকাটি করলেও নুসরাত সমবয়সী চাচাতো, খালাতো ভাইবোনদের সঙ্গে খেলাধুলা করছে।গত মঙ্গলবার দুপুরে রাজধানীর কমলাপুরে নুসরাতের সামনেই বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হন তার মা রোকসানা বেগম লায়লা (৩৭)। নিহত রোকসানা মেয়েকে স্কুল থেকে নিয়ে রিকশায় যাত্রাবাড়ীর উত্তর রায়েরবাগের বাসায় ফিরছিলেন। এ সময় একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মা-মেয়ে রিকশা থেকে ছিটকে পড়েন। রোকসানা বাসের চাকার নিচে পড়ে যান। রোকসানার ভাইয়ের প্রতীক্ষায় লাশ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর মাতুয়াইল কবরস্থানে লাশ দাফন করা হবে।নুসরাতের বাবা সাইফুল্লাহ খান বলেন, ওকে জানানো হয়েছে তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনেরা জানান, নুসরাতের দুই ভাই কান্নাকাটি করলেন নুসরাতের সামনে সবাইকে স্বাভাবিক আচরণ করতে হচ্ছে। চাচা আনিসুর রহমান বলেন, মাঝেমধ্যেই সে জিজ্ঞেস করছে আম্মু কেন হাসপাতালে, কখন আসবে। এ ঘটনায় নিহত রোকসানার স্বামী সাইফুল্লাহ বাদী হয়ে বাসচালককে (নাম উল্লেখ না করে) আসামি করে ৩০৪-এর ‘খ’ ধারায় একটি মামলা করেছেন। তবে পুলিশ এখনো বাসচালকের নাম-ঠিকানাই জোগাড় করতে পারেনি। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বলেন, চালক বা সহকারী গ্রেপ্তার হননি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।