নুসরাত হকের মৃত্যুর ঘটনায় করা মামলার তিন আসামি খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী নুসরাত হক শান্তু মৃত্যুর ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ও দুজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি খালাস পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. শওকত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামির মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথরেফারেন্স) খারিজ ও আসামিদের আপিল মঞ্জুর করে এ রায় দেন।অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় শান্তুর স্বামী সাখাওয়াত হোসেন, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শ্বশুর সারোয়ার হোসেন ও শাশুড়ি সাহিদা বেগমকে খালাস দেওয়া হয়।জানা যায়, ২০০৭ সালের ১৯ জুন নুসরাত হককে হত্যার দায়ে তাঁর স্বামী সাখাওয়াত হোসেনকে মৃত্যুদণ্ডের রায় দেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সাখাওয়াতের বাবা সারোয়ার হোসেন ও মা সাহিদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে আসামিরা ওই বছরই হাইকোর্টে আপিল করেন। পরে আসামির মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথরেফারেন্স) ও ওই আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে। আদালতে বাদীপক্ষে সৈয়দ মিছবাহুল আনোয়ার মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক। আসামিদের পক্ষে শুনানি করেন ফজলুল হক খান। তাঁকে সহায়তা করেন সুমনা রহমান। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক প্রথম আলোকে বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। বাদীপক্ষের আইনজীবী সৈয়দ মিছবাহুল আনোয়ার বলেন, ওই হত্যার মামলায় একমাত্র চাক্ষুস সাক্ষী নুসরাতের শিশুপুত্র তানভীর। নিম্ন আদালত এই শিশু সাক্ষীর ওপর নির্ভর করলেও উচ্চ আদালত এই সাক্ষীর বক্তব্য গ্রহণযোগ্য মনে করেননি। আদালত আসামিদের বেকসুর খালাস দিয়েছেন। এ রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধপক্ষ আপিল করবে। আসামিপক্ষের কৌঁসুলি ফজলুল হক খান প্রথম আলোকে বলেন, এই মামলায় কোনো চাক্ষুস সাক্ষী ছিল না। একমাত্র শিশুসাক্ষীর জবানবন্দিতে অভিযোগপত্র দাখিল করা হয়। শিশুর বয়স ঘটনার সময় দুই বছর তিন মাস ছিল। পরে তিন বছর বাদীপক্ষের কাছে থাকা অবস্থায় সাক্ষ্য প্রদান করে, যা আইনত ও স্বাভাবিক নিয়মের বাইরে। চিকিৎসক ময়নাতদন্তে আত্মহত্যা বলে প্রতিবেদন দেন। এই মামলায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না থাকা ও তদন্তে অসংগতি এবং বাদীপক্ষ মামলার অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন।জানা যায়, ২০০৩ সালের ২৩ নভেম্বর চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক কলোনির বাসায় নুসরাতের মৃত্যু হয়। ২০০৪ সালের ১৫ মার্চ তাঁর বাবা মজিবুল হক মেয়ের স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন।