নুসরাতকে নির্যাতনের মামলা স্থগিত, কোর্ট মার্শালে যাচ্ছে না
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান তুষ্টিকে নির্যাতনের ঘটনায় তাঁর স্বামী সেনা কর্মকর্তা মেজর মো. নাজির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদেশের পর নুসরাত জাহানের বাবা নুরুল ইসলাম ভূঁইয়ার আইনজীবী অনিক আর হক প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখায় ওই মামলা কোর্ট মার্শালে নেওয়ার বিষয়টি স্থগিত হয়ে গেল।
নুসরাত জাহানকে নির্যাতনের অভিযোগে তাঁর স্বামী মেজর নাজির উদ্দিনের বিরুদ্ধে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই মামলা চলছিল। গত ১২ আগস্ট সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে করা মামলার বিচার সামরিক আদালতে (কোর্ট মার্শাল) চলতে পারে কি না, এ প্রশ্ন ওঠায় মামলাটির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলার নথি কোর্ট মার্শালে বিচারের জন্য পাঠাতে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে দেওয়া সেনা সদর দপ্তরের চিঠির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট। এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে লিভ টু আপিল করে। গতকাল ওই আবেদনের শুনানি শেষে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
মামলার নথিপত্র থেকে জানা যায়, গত ২ এপ্রিল টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম ভূঁইয়া। এতে অভিযোগ করা হয়, যৌতুকের দাবিতে তাঁর মেয়ে নুসরাত জাহানকে মারধর করেছেন তাঁর স্বামী মেজর মো. নাজির উদ্দিন।
টাঙ্গাইলের কালিহাতীতে গত ৩০ মার্চ নুসরাতের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় নাজির উদ্দিন চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) প্লাটুন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর তাঁকে সেনা সদর দপ্তরে লজিস্টিকস এরিয়ায় এনে সংযুক্ত করা হয়।
পরে ১১ মে সেনা সদর দপ্তরের লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান খান টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে সেনা কর্মকর্তা নাজির উদ্দিনের বিচার কোর্ট মার্শালে করার জন্য মামলাটির নথিপত্র টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কাছে চেয়ে পাঠানো হয়। ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ১০ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেছিলেন নুসরাত জাহানের বাবা।