নুসরাতের সাহায্যে এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের ছোট্ট শিশু নুসরাত। হৃৎপিণ্ডে ছিদ্র নিয়েই পৃথিবীর মুখ দেখেছিল শিশুটি। তাকে বাঁচাতে অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু মাসে মাত্র সাত হাজার টাকা রোজগার করা দরিদ্র বাবার পক্ষে তা সম্ভব নয়। শিশুটিকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে চট্টগ্রামের আলোকচিত্রীদের সংগঠন ‘চট্টগ্রাম ফটো আর্টিস্ট ক্লাব’। আগামী সোমবার থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্র বিক্রির টাকা ব্যয় হবে নুসরাতের চিকিৎসায়। 

এ আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম ফটো আর্টিস্ট ক্লাব। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ঈসা খান। এ সময় নুসরাতে মা-বাবাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নুসরাতের অস্ত্রোপচারের জন্য ১০ থেকে ১৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু নুসরাতের বাবা নজরুল ইসলাম নগরের একটি হার্ডওয়ারের দোকানে স্বল্প বেতনে চাকরি করেন। স্বল্প আয়ের কারণে তিন কন্যার ভরণপোষণসহ পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হয় তাঁকে। এই অবস্থায় নুসরাতকে বাঁচাতে সবার সহযোগিতা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নুসরাতের জন্য অর্থ সংগ্রহে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে দেশের প্রথম সারির প্রায় তিন শ আলোকচিত্রীর তোলা ছবি স্থান পাবে । প্রদর্শনী চলবে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা সেখানে পছন্দের আলোকচিত্র কিনতে পারবেন। আলোকচিত্র বিক্রির টাকা নুসরাতের পরিবারকে দেওয়া হবে। আগামী বুধবার শেষ হবে এ প্রদর্শনী।