নুহাশ পল্লীতে 'গাছ দেখা, গাছ চেনা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নুহাশ পল্লী গতকাল শুক্রবার সকালে পরিদর্শন করেন একদল প্রকৃতিপ্রেমী ও উদ্ভিদবিদ। তাঁরা অচেনা অনেক ঔষধি গাছ দেখেন। একই সঙ্গে অনেক পুরোনো গাছের সঙ্গে তাঁরা পরিচিত হন।
‘গাছ দেখা, গাছ চেনা’ নামের ওই কর্মসূচির আয়োজন করে ‘তরুপল্লব’ নামের একটি ভিন্নধর্মী সংগঠন। সংগঠনটির সাধারণ সম্পাদক ও নিসর্গী মোকারম হোসেনের নেতৃত্বে এতে উদ্ভিদবিদ, কবি-সাহিত্যিক, গণমাধ্যমের কর্মীসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। নুহাশ পল্লীর বৃষ্টি বিলাসের সামনে থেকে শুরু হয় আনুষ্ঠানিকতা।
জাতীয় উদ্ভিদ উদ্যানের (বোটানিক্যাল গার্ডেন) অবসরপ্রাপ্ত উদ্ভিদবিদ মো. সামছুল হক সাংবাদিকদের বলেন, নুহাশ পল্লীতে অনেক ঔষধি, ফুল-ফল ও কাঠজাতীয় গাছ রয়েছে। এর মধ্যে অনেক গাছ রয়েছে, যেগুলো এখন প্রায় বিলুপ্ত।