‘নুহাশপল্লী’ বাংলাদেশে খুব পরিচিত একটি নাম। এই নামের সঙ্গে উচ্চারিত হয় জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ূন আহমেদের নাম। আর এই দুই সত্তাকে নতুনরূপে পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই উদ্যোগ নিয়েছেন লেখক আখতারুজ্জামান চৌধুরী। হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়ে তোলা নুহাশপল্লীকে বিভিন্ন ছবি ও বর্ণনায় একটি বইয়ের ছোট পরিসরে তুলে এনেছেন তিনি।
আজ বুধবার রাজধানীর পল্লবীতে হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীবের বাসায় ‘নুহাশপল্লী এবং একজন হুমায়ুন আহমেদ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তাঁদের মা আয়েশা ফয়েজ।
গবেষণাধর্মী এ বই লেখার জন্য আখতারুজ্জামান চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে হুমায়ূন আহমেদের বোন সুফিয়া হায়দার শেফু বলেন, ‘এই বইতে দাদার জন্মের কাহিনিও জানতে পারবেন পাঠক।’
আরেক বোন মমতাজ শহীদ শিখু জানান, কীভাবে তিনি সংরক্ষণে রাখা কার্ড আখতারুজ্জামানকে দিয়েছেন। তাঁর মেয়ের জন্মদিন উপলক্ষে হুমায়ূন আহমেদ কার্ডটি আমেরিকা থেকে পাঠিয়েছিলেন। স্ত্রী মেহের আফরোজ শাওন জানান বিভিন্ন সময়ের ছবি ও তথ্য দিয়ে লেখককে সাহায্য করার কথা।
লেখক আখতারুজ্জামান জানান, তিনি হুমায়ূন আহমেদের একটি ইচ্ছে পূরণ করেছেন মাত্র। নুহাশপল্লীর ভেষজ ও দুর্লভ গাছ নিয়ে গবেষকেরা কাজ করবেন, এটা ছিল প্রয়াত হুমায়ূন আহমেদের ইচ্ছা। তাই অর্ধশতাধিক গাছের বিষয়ে গবেষণালব্ধ তথ্যও এই বইয়ে রেখেছেন তিনি।
গ্রন্থের প্রকাশক ও অন্যপ্রকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, লেখক আখতারুজ্জামান এই বইয়ে হুমায়ূন আহমেদের পরিবারের অনেক অজানা কথা, নুহাশপল্লীর ভেতরে অনেক বিরল প্রজাতির গাছের কথা, সেখানকার বিভিন্ন স্থাপনার কথা আর এসবের সঙ্গে হুমায়ূন আহমেদের নেপথ্য চিন্তা-চেতনা পাঠকের জন্য তুলে ধরেছেন, যা এক কথায় অনবদ্য।