নুহাশপল্লীতে প্রকাশক সমিতির দোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঞ্চরণে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির উদ্যোগে গতকাল শুক্রবার গাজীপুরের নুহাশপল্লীতে কোরআন খতম, এতিমদের জন্য ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।প্রকাশক সমিতির কর্মকর্তারা জানান, দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল প্রথম দিনে নুহাশপল্লীর ‘বৃষ্টি বিলাসে’র বারান্দায় বিভিন্ন এতিমখানার শিশু-কিশোরেরা কোরআন খতম করে। জুমার নামাজের পর কবর জিয়ারত ও এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এ সময় জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী কমিটির সদস্য ও হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকসহ ২৫ জন সদস্য লিচুগাছতলায় চিরনিদ্রায় শায়িত হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।গতকাল ছুটির দিন থাকায় সকাল থেকেই দূর-দূরান্তের শত শত ভক্ত হুমায়ূন আহমেদের কবর জিয়ারত ও নুহাশপল্লী দেখতে ভিড় করেন। তাঁরা নুহাশপল্লীর বৃষ্টি বিলাস, মৎস্য কন্যা, ঔষধি বাগান, ভূত বিলাস, লীলাবতি দিঘিসহ বিভিন্ন স্থাপনা দেখে মুগ্ধ হন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেকুরটারি গ্রামের আবু সাইদ বলেন, ‘হুমায়ূন স্যার আমার খুব প্রিয় ছিলেন। স্যারের মৃত্যুর পর কাজের চাপে আসতে পারিনি। তাই স্যারের কবর জিয়ারত ও নুহাশপল্লী দেখতে এসেছি।’নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, মূল ফটক দিয়ে প্রবেশের পর হুমায়ূন আহমেদ স্যারের কবরস্থানে যাওয়ার রাস্তার দুই পাশে বাঁশ ও তারের বেড়া দেওয়া হয়েছে। তাই দর্শনার্থীদের হুমায়ূন আহমেদের কবরের স্থান ছাড়া নুহাশপল্লীর অন্য স্থাপনাগুলোতে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।