নুহাশপল্লীর বৃক্ষ কান্দে তোমারও লাগিয়া...
গজারিবনের আড়ালে হারিয়ে গেল বিকেলের সূর্য। পিচঢালা পথটাও যেন হঠাৎ করেই শেষ। শুরু হলো ইট-বিছানো পথ। গজারিবনের বুকচিরে চলে গেছে সেই পথ। মূল ফটক থেকে খানিকটা দূরেই গাড়ি থেকে নামলাম। কাছে যেতেই ফটকের ওপরে লেখাটা চোখে পড়ল—নুহাশপল্লী।
ফটকের দুই পাশে মাটির তৈরি উঁচু প্রাচীর আগের মতোই আছে। ভেতরে ঢুকতেই চোখজুড়ানো সবুজ সেই মাঠ। ডান পাশের ম্যুরালটা বুঝি নতুন হয়েছে! এতে হুমায়ূন আহমেদ চেয়ারে বসে যেন কিছু একটা ভাবছেন। কী আশ্চর্য মিল! ঠিক ওখানটাতেই ১২ বছর আগে তাঁকে দেখেছিলাম। আরামকেদারায় গা এলিয়ে বসে ছিলেন। আশপাশে দু-চারজন দাঁড়িয়ে। আজও দেখছি তিনি বসেই আছেন। তবে রক্ত-মাংসের মানুষটা আর নেই। ম্যুরালের মাঝে ছবি হয়ে ফুটে আছেন।

ম্যুরালের পেছনে একতলা ভবনটায় থাকতেন লেখক। সেটা লতাগুল্মে প্রায় ঢাকা পড়েছে (অযত্নে নয়)। ভবনের সামনেই ছোট্ট সুইমিং পুলে দাপাদাপি করছেন জনাকয়েক তরুণ। ম্যুরালের পাশের রাস্তাটা ধরে এগোলাম। গাছগাছালি আরও ঘন হয়েছে এখানটায়। সামনে এগোতেই চোখে পড়ল একটি নারী মূর্তি। পাশেই বাচ্চা মেয়ের আরেকখানা মূর্তি। উপুড় হয়ে বই পড়ছে বালিকা। রাস্তার বাঁ পাশে মাঠ। মাঠের মাঝে দাবা খেলার ঘর। ওপরে টিন, চারপাশ খোলা সেই ঘরের মেঝেটাই আস্ত একটা দাবার বোর্ড। বোর্ডের মতোই বিরাটকায় একেকটা ঘুঁটি দাঁড়িয়ে আছে ঠায়। আরেকটু সামনে এগোলে মাঠের মাঝে দোতলা বৃক্ষঘর। টিন আর কাঠের তৈরি ছোটমতন ঘরটায় উঠতে হয় মই বেয়ে। আহা, লেখকের কী রুচিই না ছিল! বৃক্ষঘরের অপর প্রান্তে টানা বারান্দার লম্বা এক ঘর, নাম ‘বৃষ্টিবিলাস’।
বারান্দায় দাঁড়ানো মানুষটা দূর থেকে আমাদের দেখে স্মিত হেসে কাছে এলেন। নাম মোশাররফ হোসেন। হুমায়ূন আহমেদের খাস লোক ছিলেন। এখনো তিনি নুহাশপল্লীতে কাজ করেন। রোজ সকালে লেখকের কবর পরিষ্কার করে দেন। বাড়ি তাঁর এই পিরুজালি গ্রামেই। গ্রামটার একেবারে উত্তর প্রান্তে পড়েছে নুহাশপল্লী। ৪০ বিঘা জমির ওপর এটি বানিয়েছেন হুমায়ূন আহমেদ। একসময় এখানে নাটকের শুটিং চলত দেদার। এখন লোকে টিকিট কেটে নুহাশপল্লী ঘুরতে আসে। এসবই জানা গেল মোশাররফের সঙ্গে কথা বলে।
চা চড়ানোর কথা বলে চলে গেলেন মোশাররফ। আমরা গেলাম নুহাশপল্লীর পেছন দিকটা দেখতে। কংক্রিটের তৈরি ডাইনোসর দুটি আগের মতোই আছে। ডিমগুলো এখানে-ওখানে একটু ভেঙে গেছে। এদিকটায় বাচ্চাদের গুটিকয় রাইড আছে। তারপরই আছে পুকুর। পুকুরঘাটটা দেখার মতো, ধবধবে মার্বেল পাথরের। অল্প দূরে নড়বড়ে একটা কাঠের সেতু আছে। এটা দিয়ে পুকুরের ওপর প্রান্তে যাওয়া যায়। সেতুর গোড়ায় ছোটখাটো আরেকটা একতলা ভবন। এর নাম ‘ভূতবিলাস’। নুহাশপল্লীর শেষ প্রান্তে নির্জনে রাতের বেলা এই ঘরে একলা। ভাবুন একবার। গা-ছমছমে একটা ভাব আছে কিন্তু। এ জন্যই বোধ হয় ঘরটার এমন নাম দেওয়া হয়েছে। ‘ভূতবিলাস’ পাশ কাটিয়ে বরইবাগানের ভেতর দিয়ে আমরা আবার ‘বৃষ্টিবিলাসে’ এলাম।
ঢাউস একটা কামরায় আমাদের বসালেন মোশাররফ। পাশাপাশি দুটো বিছানা পাতা। মাঝে একটা টি-টেবিল। ঘরের এক পাশের দেয়ালে হুমায়ূন আহমেদের একটা ছবি। এ ঘরগুলোয় শুটিং হতো একসময়। টেবিলে চা আর কেক রাখতে রাখতে বললেন মোশাররফ। লেখককে নিয়ে বলতে লাগলেন, ‘স্যারের মন ছিল বিশাল। কোথাও আমারে পাঠাইলে বলতেন, ‘“টাকা কত নিছ? সঙ্গে আরও কিছু নিয়া যাও, লাগতে পারে।”’ নিজের বাপেও তো সন্তানরে এইভাবে বলে না।’
স্মৃতিচারণা করতে গিয়ে বছর কয়েক আগের একটি ঘটনার কথা বললেন মোশাররফ। সেবার সিনেমার শুটিং চলছে গাজীপুরের কাপাসিয়ার বলদার ঘাটে। টানা ২০ দিন ধরে সেখানে আছেন হুমায়ূন আহমেদ। ‘প্রায় দিনই হুমায়ূন স্যাররে গোসল করায়া দিতাম তখন,’ স্মৃতিকাতর হয়ে পড়লেন মোশাররফ। বলতে লাগলেন, ‘দুই বালতি পানি, একটা তইলা, একটা লুঙ্গি রেডি কইরা রাখতাম। স্যার আসত। আমি মগ দিয়া পানি স্যারের মাথায় ঢাইলা সাবান লাগাইতাছি। স্যার বললেন, “এই-ই, তুমি এইটা কী লাগাইতাছ?” আমি কই, এইডা সাবান। সরি স্যার। স্যার কয়, “আমি তো শ্যাম্পু দেই। তুমি সাবান দিতেছ কেন? আচ্ছা, ঠিক আছে দাও। আগে তো সাবানই পাইতাম না। আমার জীবনে এটা স্মরণীয় হয়ে থাকবে। বাচ্চাদেরকে যেভাবে গোসল করায়া দেয়, তুমি সেইভাবে আমারে গোসল করায়া দিতাছ। এইটা খুব মজার ব্যাপার।”’
‘হুমায়ূন স্যার মারা যাওয়ার পর ৪০ দিন তাঁর কবরেই পড়ে ছিলাম। আমি কবি বা লেখক না। তবু স্যাররে নিয়া একটা গান বানাইছি,’ লজ্জিত কণ্ঠে বললেন মোশাররফ। প্রস্তাব করলাম, ‘চলেন কবরের কাছে গিয়ে আপনার গানটা শুনি।’ মাঠের পশ্চিম প্রান্তে লিচুতলায় লেখক চিরনিদ্রায় শায়িত। চারদিক থেকে কবরটা গ্লাস দিয়ে বাঁধানো। মাঠে সবুজ ঘাসের ওপর বসলাম আমরা। খানিক দম নিয়ে গান ধরলেন মোশাররফ,
‘কী ঘুমে ঘুমাইয়া আছো রে
হুমায়ূন স্যার মাটির ঘরে যাইয়া…’
গলাটা তত ভালো না হয়তো। কিন্তু দরদের কমতি নেই এতটুকু। তাই গানটা মন ছুঁয়ে গেল। প্রিয় লেখকের জন্য গাইছে একটা মানুষ, নিজের লেখা গান। লেখকের কবরের পাশে বসে তাঁকে নিয়ে লেখা সেই গান শুনছি। সে এক অন্য রকম অনুভূতি। খানিক পরে তাকিয়ে দেখি মোশাররফের দুই চোখে পানি। তখন তিনি গাইছেন, ‘নুহাশপল্লীর বৃক্ষ কান্দে তোমারও লাগিয়া রে…কী ঘুমে ঘুমাইয়া আছো রে…।’
যেভাবে যাবেন
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া ইউনিয়নের পিরুজালি গ্রামে নুহাশপল্লী। জয়দেবপুর চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে প্রায় ১৫ কিলোমিটার এগোলেই হোতাপাড়া। সেখান থেকে আট-নয় কিলোমিটার ভেতরে পিরুজালি গ্রামের কথা জিজ্ঞেস করলে যে-কেউ আপনাকে পথ দেখিয়ে দেবে। জয়দেবপুর থেকে বাসে চড়ে যেতে পারেন হোতাপাড়া পর্যন্ত। সেখান থেকে ব্যাটারিচালিত রিকশা নিতে পারেন সোজা নুহাশপল্লী অবধি।