বরিশালের বানারীপাড়া উপজেলায় কান্নায় বিরক্ত হয়ে আছড়ে শিশু হত্যার মামলায় গ্রেপ্তার নূপুর বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বরিশালের অতিরিক্ত বিচারিক হাকিমের আদালত গতকাল রোববার এ নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান দুপুরে নূপুর বেগমকে আদালতে হাজির করেন। শুনানি শেষে আদালতের বিচারক শিহাবুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বানারীপাড়া থানার ওসি মো. জিয়াউল আহসান গতকাল রোববার বলেন, নূপুর বেগমকে শনিবার দুপুরে ঢাকার পশ্চিম রাজাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে তিনি বলেছেন, হত্যার উদ্দেশ্যে নয়, কান্নায় বিরক্ত হয়ে উত্তেজনাবশত হাফিজুলকে আছাড় দেন তিনি। তাতে হাফিজুল মারা যায়।
গতকাল হাফিজুলের হত্যাকারীর বিচারের দাবিতে বানারীপাড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এবং ওসি জিয়াউল আহসানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বরিশালের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান দুপুরে শিশু হাফিজুলের বাবা রিপন শেখকে রিকশা কেনার জন্য ১০ হাজার টাকা দেন।
গত বৃহস্পতিবার বিকেলে তিন বছরের শিশু হাফিজুলকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে বাইরে যান তার মা লাভলী বেগম। ঘুম থেকে উঠে শিশুটি কাঁদতে থাকে। কান্নার শব্দে বিরক্ত হয়ে বাড়িওয়ালা বাবুল মৃধার স্ত্রী নূপুর বেগম পাশের কক্ষ থেকে এসে শিশুটিকে তুলে আছাড় দেন। এতে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। তাকে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ১২টার দিকে সে মারা যায়।