
চট্টগ্রামের কালুরঘাটে রাসায়নিক কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ নূপুর চৌধুরী (৪০) গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। একই ঘটনায় দগ্ধ বিদ্যুৎ বড়ুয়া (৩৫) ও নিখিল দাশের (৪০) অবস্থাও আশঙ্কাজনক। তাঁরাও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
গত বুধবার সকালে কালুরঘাট বিসিক শিল্প এলাকায় রেজিমেক্স কেমিক্যাল ফ্যাক্টরি নামের ওই কারখানায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। এতে গুরুতর দগ্ধ হন এই তিনজন। তাঁদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁদের ঢাকায় পাঠানো হয়।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে নূপুর চৌধুরীর মৃত্যু হয়। তাঁর শরীরের ৯৮ ভাগই পুড়ে গিয়েছিল। বাকি দুজনের অবস্থাও ভালো নয়। চিকিৎসাধীন বিদ্যুতের ৫৪ ভাগ ও নিখিলের ৬০ ভাগ পুড়ে গেছে।
পার্থ শংকর পাল প্রথম আলোকে বলেন, ‘নূপুরের শরীরের প্রায় পুরোটাই পুড়ে যাওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আমরা হাল ছাড়ছি না। তাঁদের সুস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
নূপুরের মৃত্যু ঘোষণার পরই শাহবাগ থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মর্গে গিয়ে দেখা যায়, একটি অ্যাম্বুলেন্সের সামনে বসে অঝোরে কাঁদছেন নূপুরের স্ত্রী লিপিকা চৌধুরী। কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, ‘সকালেই সে আমার নাম ধরে কয়েকবার ডাকছিল। বুঝি নাই, এটাই তার শেষ ডাকা হবে।’
নূপুরের স্বজনেরা জানান, পটিয়ার হাবিলাশ দ্বীপে নূপুরের গ্রামের বাড়ি। দুই বছর ধরে কালুরঘাটে ওই প্রতিষ্ঠানে চাকরি করছিলেন তিনি। মেয়ে মিশু স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে, আর ছেলে নিলয় পড়ে তৃতীয় শ্রেণিতে। এখন ছেলেমেয়ের লেখাপড়া ও সংসার কীভাবে চলবে, তা ভেবে আরও মুষড়ে গেছেন নূপুরের স্ত্রী।
নূপুরের মৃত্যুর পর আতঙ্ক বেড়ে গেছে দগ্ধ বিদ্যুৎ ও নিখিলের স্বজনদের। মর্গ থেকে বার্ন ইউনিটের দোতলায় গিয়ে দেখা যায়, সারা শরীরে ব্যান্ডেজ মোড়ানো অবস্থায় বেডে দ্রুত শ্বাস-প্রশ্বাস নিচ্ছিন বিদ্যুৎ। পুড়ে গেছে তাঁর পুরো মুখমণ্ডল। পাশে থাকা স্ত্রী পান্না বড়ুয়া শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছিলেন আর যন্ত্রণায় কুঁকড়ে উঠলেই স্বামীকে সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন। তাঁদের রয়েছে চার বছরের ছেলে অশ্রু বড়ুয়া।
বিদ্যুতের স্ত্রী পান্না বলেন, চার বছর আগে ওই কারখানায় ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রমের সুপারভাইজার হিসেবে চাকরি করা শুরু করেন তাঁর স্বামী। চট্টগ্রামের বোয়ালখালীর বৈদ্যপাড়গাঁয় তাঁদের গ্রামের বাড়ি।
স্ত্রী পান্নার সঙ্গে কথা বলার সময় নিজেই কথা বলার চেষ্টা করেন বিদ্যুৎ। তিনি বলেন, ওই কারখানায় বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে আঠা তৈরি করা হয়। ঘটনার দিন তিনি, নূপুর ও বিদ্যুৎ মিলে রাসায়নিক দ্রব্য মেশাচ্ছিলেন। হঠাৎ আগুনের ফুলকি এসে সেখানে পড়লে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
একই কক্ষে সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে অচেতন অবস্থায় শুয়ে ছিলেন নিখিল দাশ। সঙ্গে ছিলেন কলেজপড়ুয়া একমাত্র ছেলে জয় দাশ। জয় বলেন, চট্টগ্রামের বোয়ালখালীর শেওড়াতলীতে তাঁদের বসবাস। দুই বছর ধরে ওই কারখানায় কাজ করছেন তাঁর বাবা।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পর থেকেই তিনজনের চিকিৎসাসংক্রান্ত যাবতীয় খরচ বহন করছে কারখানার মালিকপক্ষ। নূপুরের মৃত্যুর পর তাঁর লাশ চট্টগ্রামে নেওয়ার খরচও মালিকপক্ষ বহন করবে বলে স্বজনদের জানানো হয়েছে। এ ছাড়া নূপুরের পরিবারের ভরণপোষণের দায়িত্বও মালিকপক্ষ নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।