নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের খবর অসত্য: আইনমন্ত্রী
বঙ্গবন্ধুর হত্যাকারী নূর চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে কানাডা থেকে বহিষ্কারের খবর অসত্য বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল শনিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।
আনিসুল হক বলেন, ‘দেশের পত্রিকাগুলোয় এ রকম খবর পাওয়ার পরে আমাকে নিউইয়র্ক থেকে পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন। আমাদের দুজনের আলোচনার প্রেক্ষিতে এই খবরের সত্যতা জানতে কানাডায় বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করি। ওখানকার হাইকমিশনার জানান, এ সংবাদটি সবৈর্ব অসত্য। তিনি তাঁর জায়গা থেকে কনফার্ম (নিশ্চিত) করেছেন, এর কোনো সত্যতা পাওয়া যায়নি।’
কানাডায় বাংলাদেশের হাইকমিশনার ওই দেশের সাংবাদিকদের পাশাপাশি নূর চৌধুরীর আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছেন বলে জানান আইনমন্ত্রী। তিনি জানান, কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ডেস্কেও হাইকমিশনের পক্ষ থেকে যোগাযোগ করে ওই সংবাদের কোনো সত্যতা পাওয়া যায়নি।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নূর চৌধুরীকে ফেরত আনার ব্যাপারে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটি, তা হচ্ছে কানাডীয় সংবিধানে বলা আছে, যেসব দেশে মৃত্যুদণ্ডাদেশ আছে, সেখানে মৃত্যুদণ্ড হতে পারে—এমন আসামিকে ফেরত পাঠানো যাবে না। এই একটা পয়েন্টের ওপরই নূর চৌধুরী সেখানে এখনো টিকে আছেন। এই পয়েন্টার সুরাহা হলেই নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে কি যাবে না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।
বঙ্গবন্ধু হত্যার দণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘মৃত্যুদণ্ডে দণ্ডিত নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীর অবস্থান আমরা জানি। নূর চৌধুরী কানাডায় ও রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আছেন। তাঁদের আইনি প্রক্রিয়ায় ফেরত আনার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
নূর চৌধুরী সম্পর্কে আনিসুল হক বলেন, ‘যখনই কানাডীয় সরকারের সাথে আমাদের সরকারের কোনো আলাপ-আলোচনা হবে তখনই এ বিষয়ে তাদের সঙ্গে কথা হবে। এবারও প্রধানমন্ত্রী কানাডা সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। যতটুকু জানি আলোচনা ফলপ্রসূ হয়েছে। তার মানে হচ্ছে আমরা তাঁকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা চালাচ্ছি, সেটা একটা প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে ও এই প্রক্রিয়া চলবে।’