নূর চৌধুরীকে দেশে ফেরত আনার সুযোগ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, আইনি প্রক্রিয়ায় কীভাবে নূর চৌধুরীকে দেশে ফেরত আনা যায়, তা নিয়ে কানাডার সঙ্গে আলাপ-আলোচনা চলছে।
রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গতকাল রোববার যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৩০তম রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
এর আগে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধি লাভ করা যায় না। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে যথাযথ অবদান রাখতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণের কোনো বিকল্প নেই।
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বক্তব্য দেন।