নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা করবে কানাডা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে কানাডা সরকার। কানাডা সফররত বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে এক বৈঠকে দেশটির জ্যেষ্ঠ সহকারী ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী পিটার বোহেম ওই আশ্বাস দেন বলে জানা গেছে। খবর বাসস ও ইউএনবির।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার বলা হয়, সফররত বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী পররাষ্ট্রসচিব শহীদুল হক গতকাল কানাডার রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত ওই বৈঠকে নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি উত্থাপন করেন। তিনি দণ্ডপ্রাপ্ত এই পলাতক খুিনকে বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তরের জন্য কানাডা সরকারকে অনুরোধ জানান। জবাবে পিটার বোহেম জানান, কানাডা সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখবে।