নূর চৌধুরীকে দেশে ফেরত নাও পাঠাতে পারে কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ খুনির ফাঁসি কার্যকর হওয়ায় কানাডায় অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক খুনি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে অস্বীকৃতি জানাতে পারে কানাডা। ক্যানওয়েস্ট নিউজ সার্ভিস এ কথা জানিয়েছে। খবর ইউএনবির।ক্যানওয়েস্ট জানায়, কানাডায় মৃত্যুদণ্ড নিষিদ্ধ হয় ১৯৭৬ সালে। ফলে কানাডায় আশ্রয় নেওয়া কোনো অপরাধীকে ফেরত চাইলে বিদেশি দেশগুলোকে এই নিশ্চয়তা দিতে হয় যে, দেশে আনার পর তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এ কারণে নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠালে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে—এই আশঙ্কায় কানাডা সরকার তাঁকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে।নূর চৌধুরী ইতিমধ্যে তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে কানাডা সরকারের নির্দেশের বিরুদ্ধে আদালতে আবেদন করেছেন। তিনি বলেছেন, দেশে পাঠালে তাঁর মৃত্যুদণ্ডও কার্যকর করা হবে। নূর চৌধুরী বর্তমানে কানাডার টরন্টোতে বসবাস করছেন।ক্যানওয়েস্ট নিউজ সার্ভিস জানায়, নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে কানাডা সরকারের ওপর চাপ সৃষ্টি করে আসছে বাংলাদেশ। এ জন্য গত নভেম্বরে কানাডা সফর করেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সফর শেষে দেশে ফেরার আগে শফিক আহমেদ সাংবাদিকদের জানান, কানাডা সরকার নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠাতে রাজি হয়েছে। এখন শুধু আইনি বিষয়গুলো শেষ হলেই তাঁকে দেশে নেওয়া যাবে। তিনি এও বলেন, নূর চৌধুরীসহ অন্য অপরাধীরা তাঁদের শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।গত বৃহস্পতিবার পাঁচ খুনির ফাঁসির পর আইনমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবাইকে শাস্তি পেতে হবে। ১৯৯৬ সালে কানাডায় যান নূর চৌধুরী। ওই বছরের ৫ জুলাই পর্যটক হিসেবে তাঁকে কানাডা সরকার স্বীকৃতি দেয়। পরে শরণার্থীর মর্যাদা চেয়ে আবেদন করেন তিনি। ১৯৯৯ সালে এই আবেদনের ওপর শুনানি হয়। কিন্তু ২০০২, ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে তাঁর আবেদন নাকচ করে দেওয়া হয়। তবে তাত্ক্ষণিকভাবে দেশে ফেরত পাঠায়নি কানাডা।