নূর চৌধুরীকে দেশে ফেরানোর সুযোগ আছে : আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কানাডার সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষা করে বঙ্গবন্ধুর খুনি এ এইচ এম বি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে। আইনি প্রক্রিয়ায় কীভাবে নূর চৌধুরীকে দেশে ফেরত আনা যায়, তা নিয়ে কানাডার সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

আজ রোববার ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৩০তম রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচার মানুষের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়, যা ছাড়া সভ্য, সুশৃঙ্খল, সমৃদ্ধ ও উন্নত সমাজ কল্পনা করা প্রায় অসম্ভব। ন্যায়বিচারের সঙ্গে রাষ্ট্রের আইনশৃঙ্খলা, নাগরিক জীবনের নিরাপত্তাসহ অন্যান্য মৌলিক অধিকারগুলো জড়িত। তা ছাড়া রাষ্ট্রের উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতেও ন্যায়বিচারের ভূমিকা অপরিসীম।

মন্ত্রী বলেন, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন ও সমৃদ্ধি লাভ করা যায় না। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে যথাযথ অবদান রাখতে তিনি বিচারকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ গ্রহণের কোনো বিকল্প নেই।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বক্তব্য দেন।