‘বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত দেবে না কানাডা’ ঢাকায় কানাডার হাইকমিশনারের বরাত দিয়ে ছাপানো এমন প্রতিবেদনে বাস্তবতার প্রতিফলন ঘটেনি বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু হত্যার দায়ে দোষী সাব্যস্ত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ৪ ডিসেম্বর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মন্ত্রণালয়ের নজরে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পর ঢাকায় কানাডার হাইকমিশনার হিদার ত্রুদ্ধডেনের মন্তব্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। কিন্তু বৈঠকের বিষয়বস্তু প্রতিবেদনে যথাযথভাবে প্রতিফলিত হয়নি।গত রোববার ওই বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তি পাঠানো হয়, তাতে মূলত দীপু মনির সঙ্গে ক্রুডেনের বৈঠকের ওপর গুরুত্ব দেওয়া হয়। তবে বিভিন্ন গণমাধ্যমে ক্রুডেনকে উদ্ধৃত করা হয়েছে। নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দোষী সাব্যস্ত ব্যক্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলে তাকে ফেরত পাঠানো হয় না। এ ব্যাপারে কানাডা সরকারের নীতি স্পষ্ট।’তবে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনতে কানাডার সঙ্গে নিয়মিতভাবে আলোচনা চলছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত না পাঠানোর ব্যাপারে কানাডায় যে আইন রয়েছে, তা সত্ত্বেও বাংলাদেশ মনে করে, বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। তা ছাড়া নূর চৌধুরীকে কানাডা থেকে বহিষ্কারের বিষয়ে সে দেশের আদালতের দেওয়া রায়ের ব্যাপারেও আইনি প্রক্রিয়া চলছে।