বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আত্মস্বীকৃত খুনি সাবেক সেনা কর্মকর্তা এস এইচ এম বি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে বন্দী প্রত্যর্পণ চুক্তি সই হবে কি না, তা বাংলাদেশ ও কানাডার কর্তৃপক্ষের আলোচনার ওপর নির্ভর করছে। তা ছাড়া মেজর (অব.) নূর চৌধুরী কানাডায় রাজনৈতিক শরণার্থীর মর্যাদা পাবেন কি না, তা জানতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে।ঢাকা সফররত কানাডার সাংসদ মারিয়া মিন্না গতকাল বুধবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন কানাডা-বাংলাদেশ সংসদীয় দলের প্রধান ও কানাডার বাঙালি অধ্যুষিত নগর টরন্টোর বিচেস-ইস্ট ইয়র্ক এলাকা থেকে নির্বাচিত সাংসদ মারিয়া মিন্না।গত বছরের নভেম্বর মাসে নূর চৌধুরীর কানাডায় নাগরিকত্ব লাভের আবেদন সে দেশের সরকার প্রত্যাখ্যান করেছে। পরে তাঁর রাজনৈতিক শরণার্থী হিসেবে কানাডায় বসবাসের আবেদনও বাতিল করা হয়। এই প্রেক্ষাপটে তিনি কানাডার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।নূর চৌধুরীর সর্বশেষ অবস্থান এবং তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে কি না, তা জানতে চাইলে মিন্না বলেন, কানাডার শরণার্থী আইন অনুসারে কোনো ব্যক্তি রাজনৈতিক শরণার্থীর আবেদন করে প্রত্যাখ্যাত হলে তা নিয়ে শরণার্থীবিষয়ক আদালত থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত আপিলের সুযোগ পান। তাই ওই ব্যক্তি শরণার্থীর মর্যাদা পাবেন কি না, সেটা চূড়ান্তভাবে জানতে কয়েক মাস থেকে কয়েক বছর লাগতে পারে। ওই পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি কানাডায় অবস্থান করতে পারেন।’কানাডায় একদিকে মৃত্যুদণ্ড নিষিদ্ধ, অন্যদিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তিকে তাঁর দেশে ফেরত না পাঠানোর রীতিও অনুসরণ করে কানাডা। এ অবস্থায় নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর সম্ভাবনা কতটুকু জানতে চাইলে তিনি বলেন, ‘দুই দেশের সরকারের মধ্যে এ ব্যাপারে কী ধরনের আলোচনা চলছে, সে সম্পর্কে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।’