নূর চৌধুরীকে ফেরাতে আলোচনা করতে কানাডা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও পলাতক খুনিদের অন্যতম নূর চৌধুরীকে ফিরিয়ে আনার উপায় নিয়ে আগামী সপ্তাহে কানাডার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ডিয়নের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আগামী মঙ্গলবার কানাডার রাজধানী অটোয়ায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় দুই দেশের সম্পর্কের অন্যান্য বিষয়ের মধ্যে বঙ্গবন্ধুর অন্যতম পলাতক খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হবে। দুই দেশের প্রধানমন্ত্রীদের সাম্প্রতিক আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, এ নিয়ে কর্মকর্তারা আলোচনা করে একটি উপায় বের করবেন। সে অনুযায়ী দুই পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করবেন। এই সফরের পর আইনমন্ত্রী আনিসুল হকেরও কানাডায় যাওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সফরে এ বিষয়ে যে আলোচনা হবে, সেটি ধরেই পরবর্তী পর্যায়ে আলোচনা এগোবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডা সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে কথা বলেন। দুই প্রধানমন্ত্রী বিষয়টি সমাধানের জন্য একটি পথ খুঁজতে একমত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় জাস্টিন ট্রুডো স্বীকার করেন নূর চৌধুরীর বিষয়টি সম্পর্কে সেভাবে অবহিত ছিলেন না।