নূর মোহাম্মদ খুনের ঘটনায় জড়িত ৩ খুনি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নূর মোহাম্মদ ওরফে তিব্বত মুন্সি হত্যাকাণ্ডের ঘটনায় অংশ নেওয়া পেশাদার তিন খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন সোমবার ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে খুনের ঘটনার তথ্য দিয়েছে। অপর আসামিরাও খুনের ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তার হওয়া আসামিরা জানিয়েছে, নিহত নূর মোহাম্মদের ভগ্নিপতি বাবুলের সঙ্গে এক লাখ টাকা চুক্তিতে পাঁচ কিলার মিলে নূর মোহাম্মদকে হত্যা করে। গতকাল মঙ্গলবার দুপুরে বন্দর থানা পুলিশ এ হত্যাকাণ্ডের আসামিদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে ঘটনার সবকিছু প্রকাশ করে।গ্রেপ্তার হওয়া আসামিদের স্বীকারোক্তির বর্ণনা দিয়ে সংবাদ সম্মেলনে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, কেওঢালা এলাকার নূর মোহাম্মদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বোন উমেনা ও ভগ্নিপতি বাবুলের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ছিল। সম্প্রতি বাবুল তাঁর স্ত্রী উমেনার সঙ্গে পরামর্শ করে নূর মোহাম্মদকে হত্যার সিদ্ধান্ত নেন। পরে বাবুল তাঁর পরিচিত সিদ্ধিরগঞ্জের শিমরাইল বাজারের মাছ ব্যবসায়ী চান বাদশার সঙ্গে যোগাযোগ করেন। চান বাদশা হত্যাকাণ্ডের জন্য তিন লাখ টাকা দাবি করে। তাদের মধ্যে দেনদরবারের পর চান বাদশা এক লাখ টাকায় হত্যাকাণ্ডে রাজি হয়।চুক্তিমোতাবেক ১০ ফেব্রুয়ারি বাবুল ৩০ হাজার টাকা অগ্রিম হিসাবে চান বাদশাকে দেন। ১১ ফেব্রুয়ারি বিকেলের পর থেকে কিলিং মিশনে থাকা চান বাদশা, তার সহযোগী বাদল, সেলিম, কামাল ও রমজান কেওঢালা এলাকায় নূর মোহাম্মদের দোকানের আশপাশে অবস্থান নেয়। রাতে নূর মোহাম্মদ বাড়ি ফেরার পথে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ ওই রাতেই নূর মোহাম্মদের বোন উমেনা, ভগ্নিপতি বাবুল ও এলাকার মোসলেম মিয়াকে গ্রেপ্তার করে। পরদিন ১২ ফেব্রুয়ারি বন্দর থানার উপপরিদর্শক জহিরুল ইসলামের কাছে জব্দ থাকা বাবুলের মুঠোফোনে চুক্তির বাকি ৭০ হাজার টাকা চেয়ে ফোন করে খুনি চান বাদশা। পুলিশ ওই ফোন ট্র্যাকিং করে চান বাদশার অবস্থান শনাক্ত করে তাকে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে চান বাদশাকে দিয়ে টাকা পরিশোধের লোভ দেখিয়ে অন্য দুই খুনি বাদল ও সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এখনো পলাতক রয়েছে কিলিং মিশনে থাকা কামাল ও রমজান। এ দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি। এদিকে সোমবার চান বাদশা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে খুনের কথা স্বীকার করে।