নূর হোসেন ও তারেক সাঈদসহ ১৭ জনের আপিল শুনানির জন্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় নিম্ন আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফ হোসেন, মাসুদ রানাসহ ১৭ জন আসামির করা আপিল ও জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আপিল ও জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন।
আদালতে আরিফের পক্ষে আইনজীবী এস এম শাহজাহান ও নূর হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী এস আর এম লুৎফর রহমান আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
ইউসুফ মাহমুদ মোর্শেদ প্রথম আলোকে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন ও আরিফ হোসেনের চারটি আপিল ছিল। এর সঙ্গে কারা কর্তৃপক্ষের মাধ্যমে করা তাঁদের জেল আপিলও তালিকায় ছিল। এগুলোসহ ৩১টি জেল আপিল কার্যতালিকায় ছিল। আদালত এসব শুনানির জন্য গ্রহণ করেছেন। ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর একসঙ্গে শুনানি হবে বলেছেন আদালত।
আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জরিমানা স্থগিত করা হয়েছে বলে জানান নূর হোসেনের আইনজীবী লুৎফর রহমান আকন্দ।
ওই দুজনের করা আপিলের পরপরই কার্যতালিকায় তারেক সাঈদ, মাসুদ রানা, হাবিলদার মো. এমদাদুল হক, আরওজি-১ মো. আরিফ হোসেন, ল্যান্স নায়েক হীরা মিয়া, ল্যান্স নায়েক বেলাল হোসেন, সিপাহি আবু তৈয়ব, সিপাহি মো. শিহাব উদ্দিন, উপপরিদর্শক পূর্ণেন্দু বালা, সৈনিক আসাদুজ্জামান নূর, মিজানুর রহমান দীপু, রহম আলী, আলী মোহাম্মদ, আবুল বাশার ও মোতুর্জা জামান চার্চিলের জেল আপিল ছিল।
চলতি বছরের ১৬ জানুয়ারি সাত খুন মামলার রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ। রায়ে ২৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ এবং অপর নয়জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের রায়ের কপি ও নথিপত্র ২২ জানুয়ারি হাইকোর্টে পৌঁছায় এবং ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) হিসেবে নথিভুক্ত হয়।