নূর হোসেন ও ভাতিজাকে অপসারণে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও তাঁর ভাতিজা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ্ জালাল বাদলকে অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বিনা নোটিশে পর পর চারটি মাসিক সভায় অনুপস্থিত থাকায় গতকাল সোমবার সিটি করপোরেশনের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া অসুস্থতার জন্য অনুপস্থিত সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের অপর কাউন্সিলর আলী আহম্মেদের বিষয়েও নির্দেশনা চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সভায় সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনে মেয়র ও কাউন্সিলর অপসারণ প্রসঙ্গে ১৩-এর (ক) ও (খ) ধারায় বলা আছে, যুক্তিসংগত কারণ ছাড়া সিটি করপোরেশনে পর পর তিনটি মাসিক সভায় অনুপস্থিত থাকলে কাউন্সিলর পদ থেকে অপসারণযোগ্য হবেন। নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হলেও তিনি অপসারণযোগ্য হবেন।
কাউন্সিলর নূর হোসেন ও শাহ্ জালাল পর পর চারটি মাসিক সভায় অনুপস্থিত রয়েছেন। এ ছাড়া ইতিমধ্যে অবৈধভাবে বিরল প্রজাতির বণ্য প্রাণী সংরক্ষণের দায়ে আদালত নূর হোসেনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সাত খুনের ঘটনার আগেই গত ৩০ মার্চ নূর হোসেন চিকিৎসার জন্য ভারতে যেতে এক মাসের ছুটি চেয়ে সিটি করপোরেশনের মেয়র বরাবর আবেদন করেন। মেয়র আবেদনটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য পাঠান। তাঁর ছুটির আবেদন মঞ্জুর না করে ১৭ এপ্রিল মন্ত্রণালয় থেকে কাউন্সিলরদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার পুলিশ প্রত্যয়নপত্র বা অনাপত্তিপত্র এবং বিগত এক বছরের বিদেশ ভ্রমণের বিবরণী চেয়ে চিঠি দেওয়া হয়। ২২ এপ্রিল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার স্বাক্ষরিত অপর এক চিঠিতে জরুরি ভিত্তিতে নূর হোসেনকে সংশ্লিষ্ট থানার পুলিশ প্রত্যয়নপত্র বা অনাপত্তিপত্র দাখিল করার অনুরোধ জানানো হয়। কিন্তু নূর হোসেন পুলিশ প্রত্যয়নপত্র বা অনাপত্তিপত্র জমা দেননি। এর পর থেকে নূর হোসেন মাসিক সভায় অনুপস্থিত রয়েছেন। এসব কারণে সিটি করপোরেশন গতকাল তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়।