
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার প্রধান সন্দেহভাজন নূর হোসেনের অবস্থান নিয়ে পরস্পরবিরোধী তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ র্যাব বলেছে, নূর হোসেন কলকাতায় পালিয়ে গেছেন৷ পুলিশ বলেছে, তাঁর দেশের বাইরে চলে যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই৷ ফলে নূর হোসেন আসলে কোথায় আছেন এবং দেশে থাকলে কেন গ্রেপ্তার হচ্ছেন না, সে প্রশ্ন উঠেছে৷
এ অবস্থায় নিহত নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম ওরফে শহীদ চেয়ারম্যান সাংবাদিকদের কাছে দাবি করেছেন, নূর হোসেন যদি পালিয়ে গিয়ে থাকেন, তাহলে র্যাবই তাকে সহায়তা করেছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানের একটি সাক্ষাৎকার গতকাল সোমবার একটি পত্রিকায় প্রকাশিত হয়। তাতে তিনি বলেছেন, নূর হোসেন ঘটনার তিন দিন পর ভারতে পালিয়ে গেছেন। তিনি এখন কলকাতায় অবস্থান করছেন। তবে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তাঁকে গ্রেপ্তার করতে পারলেই সব রহস্য উন্মোচিত হবে। এ ছাড়া, নজরুল ইসলামের শ্বশুর শহীদ চেয়ারম্যান এ ঘটনার সঙ্গে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে৷
র্যাব কর্মকর্তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শহীদুল ইসলাম গতকাল সাংবাদিকদের বলেন, জিয়াউল আহসান বলেছেন, নূর হোসেন কলকাতায় পালিয়ে গেছেন বলে তিনি নিশ্চিত। তার মানে, তিনিই পার করে দিয়েছেন। এর সঙ্গে তাঁর যোগসূত্র আছে।
এমন অভিযোগের ভিত্তি কী জানতে চাইলে শহীদ চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, খুনের সঙ্গে র্যাবের কর্মকর্তারা যে জড়িত, সেটি পরিষ্কার। এখন র্যাব নিজেদের ভাবমূর্তি রক্ষায় নূর হোসেনকে পার করে দিয়েছে।
শহীদ চেয়ারম্যান বলেন, ‘কর্নেল জিয়া বলেছেন, এই ঘটনায় আমার সম্পৃক্ততা খতিয়ে দেখবে। অবশ্যই খতিয়ে দেখুন। কিন্তু যারা ঘটনা ঘটিয়েছে, তাদের ছেড়ে দিয়েন না। অভিযোগ সত্য বলেই র্যাবের তিন কর্মকর্তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সবার দাবির পরেও অভিযুক্ত ওই তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। এমনকি আদালতের নির্দেশের পরেও তাঁরা গ্রেপ্তার হচ্ছেন না। তার মানে কী? আসল কথা হলো, র্যাব এই তিনজনকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে।
নূর হোসেনের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করছি, নূর হোসেন দেশেই আছেন। তিনি পালিয়ে গেছেন—এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।’ র্যাবের দাবি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমি অন্য কোনো বাহিনীকে নিয়ে কিছু বলতে চাই না। তবে এ ধরনের কোনো তথ্য আমাদের কেউ জানায়নি।’
জানতে চাইলে কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, ‘সব ঘটনার পর অন্যান্য বাহিনীর মতো র্যাবও ছায়া তদন্ত করে। তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি নূর হোসেন সীমান্ত অতিক্রম করেছেন।’ তিনি বলেন, নিহত নজরুলের শ্বশুর যে মন্তব্য করছেন, তার
কোনো প্রমাণ তাঁর হাতে নেই। এভাবে মন্তব্য করা কোনোভাবেই উচিত নয়।