নূর হোসেন মর্যাদা পায়, আর হরিজনদের প্রতি বৈষম্য হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত ‘অস্পৃশ্য’ হরিজন সম্প্রদায়ের প্রতি সমাজের বৈষম্যের তীব্র নিন্দা করলেন জাতীয় মানবাধিকার কমিশনের (জামাকন) চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল রোববার চুয়াডাঙ্গায় জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘সকলের জন্য মানবাধিকার: প্রসঙ্গ অস্পৃশ্যতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল দুপুরে ওই সেমিনারের আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন। এতে চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘সাত খুনের আসামি নূর হোসেন। তাকে যদি তুমি মর্যাদা দিতে পারো, তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন মনে কর না। আর যে মানুষগুলো নাগরিকের সুযোগ-সুবিধা নিশ্চিত করছে মাথার ঘাম পায়ে ফেলে, সেই হরিজনদের নিয়ে বৈষম্য করা হবে, সেটা রাষ্ট্র চেয়ে চেয়ে দেখবে, সহ্য করবে, তা হবে না।’
জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মিজানুর রহমান আরও বলেন,‘হরিজনের জন্য বরাদ্দ সুইপারের চাকরি করতে বাধে না। অথচ সেই হরিজনের পাশে বসে চা খেতে বাধে। এ ধরনের বেহায়াপনা রাষ্ট্র সহ্য করতে পারে না। এটা বন্ধ করতে হবে এবং এখনই।’
মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে তিনটি উদ্দেশ্য পূরণ করার জন্য। সেগুলো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। সব নাগরিকের জন্য সমতা, সামাজিক ন্যায়বিচার ও মানুষের মর্যাদা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে।’
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, প্রশাসন চেষ্টা করলে বৈষম্যের দূরত্ব কমে আসবে। সংসদ সদস্যদের যদি বৈষম্যের বিষয়ে সজাগ করা যায়, তাহলে সমাজে সচেতনতা বাড়বে। আর বৈষম্য কমাতে সচেতনতাই বড় প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. রশীদুল হাসান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানবাধিকারবিষয়ক প্রতিনিধি জাহিদ হোসেন, হরিজন সম্প্রদায়ের নেতা স্বপন কুমার প্রমুখ।