নূর হোসেন হচ্ছেন যুব বিদ্রোহের প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে ‘যুব বিদ্রোহের প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন একটি স্মরণসভায় অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলনে নূর হোসেন জীবন দিয়েছিলেন, তা এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। নূর হোসেনের চেতনাকে সমুন্নত রাখতে হলে সমাজ-রাষ্ট্রের সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
গতকাল বৃহস্পতিবার নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর কলাবাগানে এই স্মরণসভার আয়োজন করে মহাত্মা গান্ধী স্মারক সদন ও পরিবেশবাদী সংগঠন সেবা। ১৯৮৭ সালের ১০ নভেম্বর শহীদ হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগ স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল।
স্মরণসভায় লেখক-প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্রের জন্য সংগ্রামী মানুষের কাছে নূর হোসেন একটি চলমান জীবন্ত পোস্টার, যা কেউ ছিঁড়ে ফেলতে পারবে না। নূর হোসেনের মৃত্যু নেই।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, নূর হোসেন সেদিন নিজের শরীরে গোটা দেশের আকাঙ্ক্ষা ধারণ করেছিলেন। তাঁর আত্মত্যাগ শোষণমুক্তির আন্দোলন ও মানবমুক্তির সংগ্রামে চিরকাল প্রেরণা হয়ে থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, নূর হোসেন গণতন্ত্রের মুক্তি আর স্বৈরাচারের নিপাত চেয়েছিলেন। কিন্তু আজ স্বৈরাচার মুক্তি পেয়েছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর গণতন্ত্র নিপাত গেছে।
নূর হোসেনের বোন শাহানা বেগম বলেন, ‘যে কারণে নূর হোসেন জীবন দিয়েছেন, তার কতটুকু বাস্তবায়িত হয়েছে, জানি না। আমি বলব, যে সরকারই আসুক, দেশে যেন গণতন্ত্র জারি থাকে।’
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা ফিরোজ রশীদ।