নূর হোসেনকে আজ আদালতে হাজির করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় আটক নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীকে আজ শনিবার আবার আদালতে হাজির করা হচ্ছে। তাঁরা আজ জামিনের আবেদন করবেন কি না, তা জানা যায়নি।
ভারতে অনুপ্রবেশ, অস্ত্র আইন ও জুয়ার আসর বসানোর অভিযোগে নূর হোসেন এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে বাগুইহাটি থানা পুলিশের করা মামলার শুনানির জন্য তাঁদের আদালতে হাজির করা হচ্ছে।
এর আগে ২ আগস্ট শুনানি শেষে তাঁদের ১৪ দিনের পুলিশ হেফাজতে দিয়ে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকেই আজ দুপুরের দিকে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে নেওয়া হবে তাঁদের।
২ আগস্ট আদালতে তোলার আগে প্রিজন ভ্যান থেকে নূর হোসেন বলেছিলেন, তাঁর স্বজনেরা কলকাতায় এসেছেন। তিনি তাঁদের সঙ্গে কথা বলে জামিনের আবেদন করবেন। জানা গেছে, ইতিমধ্যে স্বজনেরা কারাগারে গিয়ে নূর হোসেনের সঙ্গে দেখাও করেছেন।
গত ১৪ জুন রাতে কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালী এলাকার একটি বাড়ি থেকে নূর হোসেনের সঙ্গে তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামানকে গ্রেপ্তার করে পুলিশ।