নূর হোসেনকে আজ ফের আদালতে তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে আজ শনিবার ভারতের আদালতে তোলা হবে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে তাঁর বিচার চলছে।
নূর হোসেন আজ জামিনের আবেদন করবেন কি না তা নিশ্চিত নয়। গত ২১ জুলাই আদালতে প্রবেশের মুখে নূর হোসেন বলেছিলেন, তাঁর আত্মীয়স্বজনেরা কলকাতায় এসে তাঁর পক্ষে জামিনের আবেদন করবেন। গত ১৪ জুন গ্রেপ্তার হওয়ার পর তিনি এখনো আদালতে জামিনের আবেদন জানাননি।
কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে ১৪ জুন রাতে নূর হোসেনের সঙ্গে তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী।
নূর হোসেন ও তাঁর দুই সঙ্গী এখন কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। নূর হোসেনের সঙ্গী খান সুমন জামিনের আবেদন করেও জামিন পাননি।