নূর হোসেনকে কাল আদালতে তোলা হবে

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে আগামীকাল সোমবার ভারতের উত্তর চব্বিশ পরগনার সদর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে তোলা হবে।
মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বিকাশ রঞ্জন দে গতকাল শনিবার প্রথম আলোকে জানান, নূর হোসেনের পক্ষে জামিন নেওয়ার জন্য এখনো কেউ আদালতে যাননি। আগামীকাল তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারে পুলিশ।
এক প্রশ্নের জবাবে পিপি বলেন, আদালত নূর হোসেনের অনুপ্রবেশের বিচার করবেন। তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়টি এখন দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ের। তবে বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে তাঁকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছে। আবেদনটি ২৩ জুন আদালতের নথিভুক্ত হয়।
১৪ জুন রাতে নূর হোসেনকে কলকাতা বিমানবন্দরের কাছে বাগুইহাটি থানার কৈখালী এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে দুই সঙ্গীসহ গ্রেপ্তার করা হয়।