নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে গতকাল শনিবার কলকাতার বারাসাত আদালতে তোলা হয়নি। ১৪ দিনের জেল হেফাজত শেষে গতকাল দুপুরে তিনি ও তাঁর দুই সহযোগীকে ফের বারাসাত আদালতে তোলার কথা ছিল।
আদালতের পুলিশ কর্মকর্তাও (জিআরও) নূর হোসেন ও তাঁর সহযোগীদের আদালতে না আনার ব্যাপারে কোনো তথ্য জানাননি। তবে আদালত নূর হোসেনের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে করা মামলার পরবর্তী শুনানির জন্য ২৯ আগস্ট দিন ধার্য করে তাঁকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
একই মামলার অপর দুই আসামির একজন নূর হোসেনের সহযোগী খান সুমনের জামিন আবেদনের শুনানি আগামী সোমবার বারাসাতের জেলা ও দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হবে। জামিনের আবেদন তিনবার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালত থেকে খারিজ হওয়ার পর তিনি জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। একই মামলার আসামি ও নূর হোসেনের অপর সহযোগী ওহিদুর জামান শামীমও জামিনের জন্য মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে আবেদন জানান। আদালত মামলার কেস ডায়েরি তলব করেন। তবে আদালতে উপস্থিত না থাকায় গতকাল সেই শুনানিও হয়নি। নূর হোসেন দুই মাস আগে গ্রেপ্তার হলেও এখনো তাঁর পক্ষে জামিনের আবেদন জানানো হয়নি।
এর আগে ২ আগস্ট মামলার শুনানি শেষে নূর হোসেনকে ১৪ দিনের পুলিশ হেফাজতে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গত ২৭ এপ্রিল দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যায় একে একে ভেসে ওঠে সাতজনের মরদেহ। এ ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করেছে নজরুলের পরিবার। এর পর থেকেই নূর হোসেন পলাতক ছিলেন।