নূর হোসেনকে গ্রেপ্তারের চিঠি যায়নি ইন্টারপোলে
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে প্রায় এক মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি তিনি কোথায় আছেন, তাও নিশ্চিত নন তদন্তকারীরা৷
নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয় ২২ মে নূর হোসেনকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠালেও ওই চিঠি গতকাল সোমবারও ইন্টারপোলে যায়নি৷ গতকাল পুলিশ সদর দপ্তর থেকে এ–সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেঁৗছে। চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নথি চালাচালি শুরু হয়েছে।
জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাদের তো আগে নিশ্চিত হতে হবে নূর হোসেন কোথায় আছেন। নূর হোসেন এক জায়গায় স্থির থাকছেন না।’ কবে নাগাদ ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রক্রিয়া চলছে, শুধু এটুকু বলতে পারি।’
প্রতিমন্ত্রী বলেন, তদন্ত কার্যক্রম সঠিকভাবে চলছে, যাঁরা দোষী, তাঁরা বেরিয়ে আসছেন।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, ‘আমরা অনেক আগেই ওই চিঠি সদর দপ্তরে পাঠিয়েছি। আমার ধারণা, এত দিনে ইন্টারপোলে চিঠি চলেও গেছে।’ তিনি জানান, নূর হোসেন দেশে নেই—নিশ্চিত হওয়ার পরই ইন্টারপোলকে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কারণ, দেশের বাইরে থেকে আসামি ধরতে হলে ইন্টারপোলের সাহায্য প্রয়োজন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এর আগেও নূর হোসেনের নামে ইন্টারপোলের সহায়তা চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। সূত্র জানায়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এলে নূর হোসেন ভারতে পালিয়ে যান। ২০০৭ সালের ১২ এপ্রিল ইন্টারপোল নূর হোসেনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে। ২০০৯ সালে দেশে ফেরেন তিনি। ২০১৪ সালে নূর হোসেনের সম্পর্কে ইন্টারপোলের সাইটে কোনো তথ্যই নেই।