নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা এবং শিগগির মামলার অভিযোগপত্র দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
গতকাল শুক্রবার বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ মানববন্ধন করা হয়। পরে একটি মিছিল শিমরাইল থেকে কাঁচপুর সেতুর দিকে যায়৷
মানববন্ধনে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম ওরফে বিউটি বলেন, ‘নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে আমরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমরা নূর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি৷’
নজরুল ইসলামের ভাই আব্দুস সালাম দাবি করেন, অবিলম্বে নূর হোসেনের যত অবৈধ সম্পদ রয়েছে দুদকের মাধ্যমে খুঁজে বের করে তা বাজেয়াপ্ত করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম, নিহত তাজুলের বাবা আবুল খায়ের, নিহত মনিরুজ্জামানের ভাই মিজানুর রহমান, নিহত লিটনের ভাই মিন্টু, নিহত গাড়িচালক জাহাঙ্গীরের ভাই আলমগীর প্রমুখ।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর হত্যা করা হয়৷