নূর হোসেনকে দ্রুত দেশে ফেরত পাঠানোর আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর হোসেন
নূর হোসেন

ভারতের একটি আদালত গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন। তবে তাঁকে দেশে ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রায় দেড় বছর পর নূর হোসেনকে দেশে ফেরত আনার পথ পরিষ্কার হলো। এ খুনের পরপরই তিনি ভারতে পালিয়ে যান এবং পরে পুলিশের হাতে ধরা পড়েন। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে যাওয়ার অভিযোগ আনা হয়।
নূর হোসেন ধরা পড়ার পর বাংলাদেশ তাঁকে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ করে। দুই দেশের আলোচনার ভিত্তিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাঁকে নিজ দেশে ফেরত পাঠানোর আবেদন করে আদালতে।
পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মুখ্য বিচারিক হাকিম সন্দীপ চক্রবর্তী গতকাল নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে ১৫ ডিসেম্বরের মধ্যে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে জমা দিতে পুলিশ ও কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তবে গতকাল নূর হোসেনকে আদালতে হাজির করা হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের আদালতের আদেশ জানার পর মন্ত্রণালয় ও পুলিশকে আনুষঙ্গিক কাজ গুছিয়ে রাখতে বলা হয়েছে।
উত্তর চব্বিশ পরগনা জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন দে প্রথম আলোকে বলেন, আগামী দু-এক দিনের মধ্যে নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আদালতও দ্রুত তাঁকে ফেরত পাঠাতে বলেছেন। আর হস্তান্তর হবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে।
সাত খুনের মামলার বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, আদালতে যাঁরা জবানবন্দি দিয়েছেন, তাঁদের অনেকেই এর সঙ্গে নূর হোসেনের জড়িত থাকার কথা বলেছেন। পুলিশের কাছে এ ব্যাপারে সন্দেহাতীত তথ্য থাকায় নূর হোসেনকে আসামি করা হয়েছে। মামলার সুষ্ঠু বিচারের জন্য তাঁকে দেশে ফেরানো দরকার ছিল। কেননা, নূর হোসেনকে হত্যার পরিকল্পনাকারী বা মূল হোতা বলা হচ্ছে। তাঁকে বিচারের সময় জেরা না করতে পারলে প্রকৃত বিচার পাওয়া হয়তো কঠিন হবে।
ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নূর হোসেনকে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে বিভিন্ন সময়ে চিঠি আদান-প্রদান হয়েছে। ভারতের আদালত এ ব্যাপারে আদেশ দিলেও দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ঢাকাকে এখনো কিছু জানানো হয়নি। কী প্রক্রিয়ায় তাঁকে ফেরত আনা হবে জানতে চাইলে ওই সূত্রটি জানায়, ভারত সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘নোট ভারবাল’ পাঠানো হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোজাম্মেল হক খান বলেন, সরকারের চেষ্টা আছে যত দ্রুত সম্ভব নূর হোসেনকে ফিরিয়ে আনা। তবে বিষয়টি ভারতের ওপর নির্ভর করছে। তিনি বলেন, ভারত পুরো প্রক্রিয়া শেষ করতে কতটা সময় নেবে, সেটা সেই দেশের পক্ষেই বলা সম্ভব। তবে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে জানানোর পর তাঁরা কোনো সময়ক্ষেপণ করবেন না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তাঁরা যতটা খোঁজ নিয়েছেন তাতে দেখা যাচ্ছে, নূর হোসেন সেখানে থেকে আইনগত লড়াই চালানোর জন্য আদালতে একটি আবেদন করেছিলেন। আদালত সেটি খারিজ করে দিয়েছেন। কিন্তু এর বিরুদ্ধে নূর হোসেন আপিল করতে পারবেন কি না, সেটা তাঁদের কাছে স্পষ্ট নয়। এ জন্য সময়ের ব্যাপারটি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
অবশ্য কৌঁসুলি বিকাশ রঞ্জন দে প্রথম আলোকে বলেন, ভারতের ফৌজদারি কার্যবিধির ৩২১ ধারায় নূর হোসেনকে অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে প্রত্যাহার করে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর আবেদন জানানো হয়েছিল। বিচারক আবেদন মঞ্জুর করেছেন। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ নেই।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব-১১-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িয়ে যান, যা সে সময় দেশজুড়ে হইচই ফেলে দেয়। সাত খুনের পর নজরুলের স্ত্রী বাদী হয়ে নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করেন। আর চন্দন সরকারের পরিবার অজ্ঞাতনামা আসামির কথা উল্লেখ করে আরেকটি মামলা করে।
দুটি মামলায় এ বছরের এপ্রিলে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এতে নূর হোসেনসহ মোট ৩৫ জনকে আসামি করা হয়। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাব-১১-এর ২৫ জন সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যে আছেন র্যাব-১১-এর তখনকার অধিনায়ক লে. কর্নেল তারেক মোহাম্মদ সাঈদ, মেজর আরিফ ও লে. কমান্ডার এম এম রানা।
অবশ্য নজরুল হত্যার মামলার বাদী সেলিনা ইসলাম এই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়েছেন। এটি এখন আদালতে শুনানির অপেক্ষায় আছে।
সাত খুনের ঘটনার পরপরই নূর হোসেন ভারতে পালিয়ে যান এবং গত বছরের ১৪ জুন উত্তর চব্বিশ পরগনা জেলার বাগুইআটি থানার ইন্দ্রপ্রস্থ আবাসনের পঞ্চম তলার একটি ঘর থেকে পুলিশের হাতে ধরা পড়েন। অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। তখন থেকে তিনি দমদম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
গতকাল সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন দে আদালতকে বলেন, নূর হোসেনকে এ মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি আদালতকে বলেন, নূর হোসেনের বিরুদ্ধে বাংলাদেশে খুনের মামলা রয়েছে। বাংলাদেশে ওয়ান্টেড। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে অবিলম্বে নূর হোসেনকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে নূর হোসেনকে দায়মুক্ত করে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয় পশ্চিমবঙ্গ সরকারকে।
নূর হোসেনের পক্ষে তাঁর আইনজীবী শিশির নন্দী অপর এক আবেদনে আদালতকে বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত নূর হোসেনকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো না হয়। তিনি বলেন, নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে তাঁর জীবননাশের ঝুঁকি রয়েছে।
এ সময় বিচারক বলেন, ‘আমি আপনাদের ছেড়ে দিতে চাইছি। আর আপনারা জেলে থাকতে চাইছেন?’
শুনানি শেষে বিচারক অতি দ্রুত নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। বলেন, এই ফেরত পাঠানোর নির্দেশ কার্যকর করে সেই প্রতিবেদন আদালতে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে পেশ করারও নির্দেশ দেন। এই নির্দেশ কার্যকর করার জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার পুলিশ সুপার, কারাগার তত্ত্বাবধায়ক, বাগুইআটি থানার আইসি ও ওসিকে নির্দেশ দেন।