
বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়ে নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ঢাকা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে নয়াদিল্লি৷ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে সে দেশের বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে৷
ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল রোববার রাতে প্রথম আলোকে জানান, নূর হোসেনকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে তাঁর সম্পর্কে ভারতকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
ঢাকার কর্মকর্তারা মনে করেন, গত বছর দুই দেশের মধ্যে সই হওয়া বহিঃসমর্পণ চুক্তি অনুযায়ী এক দেশের অপরাধী অন্য দেশে পালিয়ে থাকলে তাকে ফেরত পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। ওই চুক্তি অনুযায়ী নূর হোসেনকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ৷
বাংলাদেশ ও ভারত এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে থাকা অপরাধীদের হস্তান্তরের লক্ষ্যে ২০১৩ সালের ২৮ জানুয়ারি বহিঃসমর্পণ চুক্তি সই করে৷ ঢাকার অনুরোধে দিল্লি নূর হোসেনকে ফেরত পাঠালে তিনিই হবেন ওই চুক্তির আওতায় ভারত থেকে ফেরত পাঠানো বাংলাদেশের প্রথম নাগরিক।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, নূর হোসেনকে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের অনুরোধে সাড়া দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে৷
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী বুধবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন। তাঁর এ সফরের সময় নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে৷
আদালতে তোলা হচ্ছে নূর হোসেনকে: এদিকে আমাদের কলকাতা প্রতিনিধি জানান, আট দিনের রিমান্ড শেষে আজ সোমবার নূর হোসেনকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সদর বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে তোলা হবে।
গতকাল বিকেলে বাগুইআটি থানার আইসি দেবব্রত ঝা প্রথম আলোকে জানান, আজ নূর হোসেনকে বারাসাত আদালতে তোলা হবে। নূর হোসেন জামিনের আবেদন করবেন িক না জানতে চাইলে আইসি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন। আবার পুলিশ রিমান্ড চাওয়া হবে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নূর হোসেনের মামলার তদন্ত করছে অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড বা এটিএস। এটিএস তদন্তের স্বার্থে চাইতেই পারে রিমান্ড। আর তদন্ত শেষ হলে তো রিমান্ডের প্রশ্ন থাকে না। আদালতেই এসব প্রশ্নের উত্তর মিলবে।’
গ্রেপ্তারের পর এটিএস আদালতের নির্দেশে নূর হোসেনকে কলকাতার উত্তর বিধাননগর থানায় নিয়ে জেরা করেছে। নূর হোসেন কীভাবে, কার সহায়তায়, কোন সীমান্তপথে ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছান, সে সম্পর্কে তাঁকে জেরা করা হয়েছে।
১৪ জুন রাতে কলকাতা বিমানবন্দরের কাছে কৈখালি এলাকার ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে নূর হোসেনকে দুই সঙ্গীসহ গ্রেপ্তার করেন এটিএসের সদস্যরা।