পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত সরকার সম্মত হয়েছে। তিনি গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান।
এ বিষয়ে জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর (সুষমা স্বরাজ) ঢাকা সফরের সময় বন্দী বিনিময় চুক্তির আওতায় নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনা হয়েছে। তারা নূর হোসেনকে ফেরত পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে। আমরা এ বিষয়ে ভারত সরকারকে অনুরোধ পাঠাচ্ছি।’
প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর কলকাতায় পালিয়ে যান সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি (পরে দল থেকে বহিষ্কৃত) নূর হোসেন। গত ১৪ জুন তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স গ্রেপ্তার করে। এর আগে গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের সিটি করপোশেনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা করে নিহতদের পরিবার।
স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা-প্রক্রিয়া সহজ করার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমান ভিসা-প্রক্রিয়া জটিল। তার পরও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
সম্পূরক প্রশ্ন করার সময় হাজি সেলিম অভিযোগ করেন, ভারতের ভিসার জন্য শতবার চেষ্টা করেও সাধারণ মানুষ ই-টোকেন পাচ্ছেন না। এটি নিয়ে একটি মহল বাণিজ্য করছে। ভারতের সঙ্গে পাকিস্তানের তিনবার যুদ্ধ হলেও পাকিস্তানিদের ভারতের ভিসা পেতে বাংলাদেশিদের মতো দুর্ভোগ পোহাতে হয় না।
নুরুল ইসলাম সুজনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানান, আফ্রিকার বিভিন্ন দেশে কৃষি জমি লিজ নিয়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট-১৯৪৭-এর কিছু বিধিনিষেধের কারণে এ ব্যাপারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা সম্ভব হয়নি।
আয়েন উদ্দিনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী—বিএসএফ গত পাঁচ বছরে এক হাজার ১৬০ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কাছে হস্তান্তর করেছে।