নূর হোসেনকে র্যাব বিদেশে পাঠিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইনজীবী চন্দন সরকারের বাড়িতে যান৷ এ সময় চন্দন সরকারের স্ত্রী, মেয়েসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি l ছবি: প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইনজীবী চন্দন সরকারের বাড়িতে যান৷ এ সময় চন্দন সরকারের স্ত্রী, মেয়েসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি l ছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নারায়ণগঞ্জে অপহরণ ও সাত খুনের ঘটনার প্রধান সন্দেহভাজন নূর হোসেনকে র‌্যাবই দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। তদন্তকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেছেন৷
গতকাল মঙ্গলবার আলোচিত ওই হত্যাকাণ্ডের অন্যতম শিকার আইনজীবী চন্দন সরকারের নারায়ণগঞ্জের বাসায় যাওয়ার পর খালেদা জিয়া সাংবাদিকদের এসব কথা বলেন৷
বেলা একটার দিকে খালেদা জিয়া জলকুড়িতে চন্দন সরকারের বাসায় যান৷ বিএনপির চেয়ারপারসনকে কাছে পেয়ে ঘটনার বর্ণনা করেন চন্দন সরকারের পরিবারের সদস্যরা। খালেদা জিয়া তাঁদের বলেন, এই সরকার না করলে বিএনপি এর বিচার করবে। এ সময় চন্দনের মেয়ে সুস্মিতা সরকার খালেদা জিয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খালেদা জিয়া প্রশ্ন তোলেন, র‌্যাবের এত ক্ষমতা কোথা থেকে আসছে৷ সাত খুনের ঘটনার তদন্তকাজে সন্দেহ প্রকাশ করে বিএনপির নেত্রী বলেন, সরকারদলীয় একজন মন্ত্রীর জামাতা হওয়ায় র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করেন। সরকারের প্রশ্রয়ে র‌্যাব গুম-খুন করছে। কিন্তু বিচার হচ্ছে না। সাত খুনের ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের পেছনে কোনো শক্তি আছে বলেই এত দিন পরও তাদের ধরা হচ্ছে না।
এর আগে দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় নিহত নজরুল ইসলামের বাসায় তাঁর স্বজনদের সঙ্গে সাক্ষাত্ করেন খালেদা। সেখানে তিনি আবারও র‌্যাব বিলুপ্তির দাবি জানিয়ে বলেন, এই বাহিনী এখন জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে। র‌্যাব যত দিন থাকবে, তত দিন আতঙ্ক থাকবে। শান্তি থাকবে না।
খালেদা জিয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, খুন, গুমের ঘটনার উল্লেখ করে সরকারের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন। না হলে মানুষ রাস্তায় নেমে আসবে। তারাই আপনাদের পতন ঘটাবে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় নেতাদের মধ্যে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন৷
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ মোট সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়। নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেছেন, ছয় কোটি টাকার বিনিময়ে র‌্যাবের তিন কর্মকর্তা তাঁদের অপহরণ ও খুন করেছেন৷