নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷
গতকাল শনিবার বিকেলে গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ৷ তাদের সঙ্গে বন্দিবিনিময় বিষয়ে জোর আলোচনা চলছে। আমরা এক ঘণ্টা সময়ও নষ্ট করছি না। শিগগিরই নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনব।’
প্রতিমন্ত্রী আরও বলেন, কাশিমপুর কারাগারে কোনো বন্দী নির্যাতনের ঘটনা নেই। এখানকার কারা-পরিবেশ খুবই ভালো। এর আগে প্রতিমন্ত্রী কারা অভ্যন্তরে বন্দী পুনর্বাসন ও প্রশিক্ষণের অংশ হিসেবে কারা ডিজিটাল প্রিন্টিং প্রেস উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী কারাগারের ভেতরের গার্মেন্টস সেক্টর, বই বাঁধাই প্রশিক্ষণকেন্দ্রসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কয়েকজন বন্দীর সঙ্গে কথা বলেন। পরে কারারক্ষীদের সঙ্গে দরবারে মিলিত হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সী, আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন, অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ইফতেখার ইসলাম, ডিআইজি প্রিজন গোলাম হায়দার, জেলা প্রশাসক মো. নুরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।