নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে আট দিনের রিমান্ড শেষে আগামী সোমবার আদালতে তোলা হবে৷ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হািকমের আদালতে নূর হোসেনকে তোলার কথা৷ এদিন নূর হোসেনের পক্ষে জামিনের প্রার্থনা জানানো হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে৷
নূর হোসেনকে ১৪ জুন রাতে কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে কৈখালীর ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গ্রেপ্তার করা হয়৷ গত রোববার বারাসাতের আদালতে তোলা হলে বিচারক তাঁকে আট দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে বাগুইহাটি থানায় পাঠিয়ে দেন৷ এরপর সোমবার থেকে তাঁকে বিধাননগর উত্তর থানায় নিয়ে জেরা শুরু করেন বিশেষ অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের (এটিএস) সদস্যরা৷
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নূর হোসেনকে গ্রেপ্তার করা হয়৷ তিনি কীভাবে, কার সহযোগিতায় ভারত আসেন এবং কাদের সহযোগিতায় কৈখালীর ইন্দ্রপ্রস্থ আবাসনে থাকেন সেসব বিষয়ে পুলিশ তাঁকে জেরা করেছে৷ ইতিমধ্যে জেরাসংক্রান্ত তথ্য ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে জানানো হয়েছে৷ ভারতে ইন্টারপোলের কাজ করছে সিবিআই৷ নূর হোসেনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি ছিল৷